চট্টগ্রামে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিএ) কার্যালয়ে দালালির অভিযোগে দুই ব্যক্তিকে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। তাদের একজনকে ২৫ দিন এবং অপরজনকে ২০ দিনের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।
বুধবার (১৬ সেপ্টেম্বর) বিআরটিএ চট্টগ্রাম বিভাগীয় কার্যালয়ের আওতাধীন বিআরটিএ চট্টমেট্রো-২ ও চট্টগ্রাম জেলা সার্কেল কার্যালয়ে অভিযান চালিয়ে এ দণ্ড দেওয়া হয়।
দণ্ডপ্রাপ্তরা হলেন হাটহাজারী উপজেলার নতুনপাড়া এলাকার মোহাম্মদ রফিকের ছেলে মোহাম্মদ হাসান (৪৫) এবং নোয়াখালীর হাতিয়া উপজেলার ভূঁইয়া গ্রামের মোহাম্মদ আবদুল মালেকের ছেলে মোহাম্মদ ইমরান (৪৭)।
নির্বাহী ম্যাজিস্ট্রেট ফাহমিদা মুস্তফা জানান, বিআরটিএ কার্যালয়ে দালালির অভিযোগে দুইজনকে কারাদণ্ড দেওয়া হয়েছে। পাশাপাশি সড়ক পরিবহন আইন, ২০১৮-এর বিভিন্ন ধারা লঙ্ঘনের দায়ে ১১টি মামলা করে ৩০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে।


