মিরসরাইয়ে ৬০০ সনাতন ধর্মাবলম্বীর মাঝে বস্ত্র বিতরণ

0

চট্টগ্রামের মিরসরাইয়ে শ্যামাপূজা উপলক্ষে সনাতন ধর্মাবলম্বী ৬০০ মানুষের মধ্যে শাড়ি ও লুঙ্গি বিতরণ করা হয়েছে। শনিবার (৩১ অক্টোবর) দুপুর ১২টার দিকে বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের আয়োজনে এসব বস্ত্র বিতরণ করেন চট্টগ্রাম-১ আসনের সংসদ সদস্য নুরুল আমিন।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য নুরুল আমিন বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান দেশের মানুষের কল্যাণে কাজ করছেন। তবে একাত্তরের পরাজিত শক্তি দেশে অরাজকতা সৃষ্টির পাঁয়তারা করছে। এ বিষয়ে সবাইকে সজাগ থাকার আহ্বান জানান তিনি।

তিনি আরও বলেন, জাতির ক্রান্তিলগ্নে যখন ধর্মকে বিবেচনায় না নিয়ে সবাই একসঙ্গে কাজ করেছেন, তখন অন্যান্য ক্ষেত্রেও ধর্মীয় পরিচয়কে বিভাজনের কারণ করা উচিত নয়। দেশ স্বাধীন করতে সবাই অংশ নিয়েছেন, গণতন্ত্র প্রতিষ্ঠার আন্দোলনেও সব সম্প্রদায়ের মানুষ একসঙ্গে ছিলেন। সর্বশেষ জাতীয় সংসদ নির্বাচনেও সনাতন সম্প্রদায়ের মানুষ ঘণ্টার পর ঘণ্টা লাইনে দাঁড়িয়ে বিএনপিকে ভোট দিয়েছেন বলে উল্লেখ করেন তিনি। এ সময় সনাতন ধর্মাবলম্বীদের পাশে থাকার প্রতিশ্রুতিও দেন সংসদ সদস্য।

বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ মিরসরাই উপজেলা শাখার সভাপতি অনির্বান চৌধুরী রাজীবের সভাপতিত্বে অনুষ্ঠানে সঞ্চালনা করেন সংগঠনটির সাধারণ সম্পাদক মোহন দে। উদ্বোধক ছিলেন চট্টগ্রাম হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টের ট্রাস্টি রাজিব ধর তমল। প্রধান বক্তা ছিলেন শ্রীশ্রী জন্মাষ্টমী উদযাপন বাংলাদেশ কেন্দ্রীয় কমিটির কার্যকরী সাধারণ সম্পাদক বিপ্লব দে পার্থ।

এ ছাড়া অনুষ্ঠানে হিন্দু সম্প্রদায়ের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী এবং বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

আপনার মন্তব্য লিখুন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশিত হবে না।