রাঙামাটির পাহাড়ে এখন এক নতুন সবুজ অধ্যায় রচিত হচ্ছে। ‘রাজনীতি বা আন্দোলনের নয়’ এই পরিবর্তন কৃষি আর অর্থনীতির। পাহাড়ি ঢালে, বাঁশের মাচার নিচে, ছায়া-আলোয় বেড়ে উঠছে বিলেতি ধনেপাতা। যার ঘ্রাণ ছড়িয়ে পড়ছে রাঙামাটি পেরিয়ে সারা দেশে।
কাপ্তাই, কাউখালী, বিলাইছড়ি, লংগদু—যেখানেই চোখ যায়, দেখা যায় ছাউনি দেওয়া সবুজ মাচা। দেখতে অনেকটা পানের বরজের মতো, তবে এর নিচে মাথা তুলে দাঁড়িয়ে থাকে সরু, লম্বাটে, গাঢ় সবুজ বিলেতি ধনেপাতা। এই পাতার ঘ্রাণ দেশি ধনেপাতার তুলনায় অনেক বেশি তীব্র ও স্থায়ী। ঢাকার পাঁচতারা হোটেল, রেস্তোরাঁ এমনকি বিদেশগামী খাদ্যপণ্যেও এখন ব্যবহার হচ্ছে এই সুগন্ধি পাতা।
পাহাড়ি কৃষকরাই এই পরিবর্তনের নায়ক। তারা নিজেরাই শিখে নিয়েছেন আলো-ছায়ার ভারসাম্যে চাষের কৌশল। কারও কারও ক্ষেত্রে এই ধনেপাতা চাষ তাদের পরিবারের অর্থনৈতিক ভাগ্যই বদলে দিয়েছে। বিশেষ করে পাহাড়ের নারীরা এখন এই কাজে সমান অংশ নিচ্ছেন। ধনেপাতা বাছাই, আঁটি তৈরি থেকে শুরু করে বাজারে বিক্রি পর্যন্ত। এতে আয় যেমন বাড়ছে, তেমনি নারীর ক্ষমতায়নও দৃশ্যমান হয়েছে।
কাপ্তাই উপজেলার ওয়াগ্গা ইউনিয়নের তরুণ কৃষক সুনীল তংচঙ্গা বলেন,দুই একর জমিতে বিলেতি ধনেপাতা লাগিয়েছি। কেজিপ্রতি ৮০ থেকে ৯০ টাকা দরে বিক্রি হচ্ছে। এবার দুই থেকে আড়াই লাখ টাকা আয় হবে। তিনি জানান, একবার বীজ বপনের পর চারবার পর্যন্ত ফসল তোলা যায়, ফলে খরচ কম আর লাভ বেশি।
আরেক কৃষক মনিময় চাকমা জানান, ধনেপাতা ছায়া সহিষ্ণু, তাই মাচা দিই। সেই মাচায় লাউ, বরবটি বা চিচিঙ্গাও চাষ করি। এতে এক জমিতে দুই ফসল হয়, আয়ও দ্বিগুণ।
রাঙামাটি কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক মো. মনিরুজ্জামান বলেন, বিলেতি ধনেপাতা এখন পার্বত্য অঞ্চলের অর্থনীতির গুরুত্বপূর্ণ অংশে পরিণত হয়েছে। এ ফসল জলাবদ্ধতা সহ্য করতে পারে না, কিন্তু পাহাড়ি ঢালু জমিতে ভালো ফলন দেয়। এখানকার মাটি ও পরিবেশ এ চাষের জন্য একেবারে উপযোগী।
তিনি জানান, এ বছর জেলায় প্রায় ৫০ হেক্টর জমিতে ধনেপাতার চাষ হয়েছে। উৎপাদনের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে প্রায় তিন হাজার মেট্রিক টন, যার আনুমানিক বাজারমূল্য ২০০ কোটি টাকা ছাড়িয়ে গেছে।
স্থানীয় কৃষকদের মতে, বিলেতি ধনেপাতা রোগব্যাধি সহিষ্ণু ও সহজে নষ্ট হয় না। কীটনাশক বা অতিরিক্ত সার ব্যবহারের প্রয়োজন হয় না। তাই এটি শুধু লাভজনকই নয়, বরং পরিবেশবান্ধবও।
রাঙামাটির পাহাড়ে এই ধনেপাতার চাষ আজ অর্থনৈতিক স্বনির্ভরতার প্রতীক হয়ে উঠেছে। একসময় যেখানে পতিত জমি পড়ে থাকত, এখন সেখানে ছায়া-ঢাকা সবুজ পাতায় ভরে উঠেছে পাহাড়ের বুক। ছোট ছোট এই পাতায় জমে আছে হাজারো পরিবারের স্বপ্ন। যার সুবাস ছড়িয়ে পড়ছে প্রতিটি ঘরে, প্রতিটি বাজারে।



মন্তব্য নেওয়া বন্ধ।