রাঙামাটি পলিটেকনিকে শিক্ষার্থীদের দুই পক্ষের সংঘর্ষ, আহত ১২

0

রাঙামাটির কাপ্তাইয়ে বাংলাদেশ সুইডেন পলিটেকনিক ইনস্টিটিউটের (বিএসপিআই) ছাত্রাবাসে শিক্ষার্থীদের দুই পক্ষের সংঘর্ষে অন্তত ১২ জন আহত হয়েছেন। শুক্রবার (১৪ আগস্ট) রাত সাড়ে ১০টার দিকে ক্যাম্পাসের ছাত্রাবাসে এ ঘটনা ঘটে।

ইনস্টিটিউট কর্তৃপক্ষ ও সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলে জানা গেছে, ফেসবুকে দেওয়া একটি স্ট্যাটাসকে কেন্দ্র করে সংঘর্ষের সূত্রপাত হয়। ছাত্রাবাসের শিক্ষার্থীরা মূলত দুটি ফোরামে বিভক্ত। একটি ফোরামে কক্সবাজার জেলার শিক্ষার্থীরা এবং অন্যটিতে অন্যান্য জেলার শিক্ষার্থীরা রয়েছেন। সংঘর্ষে জড়ানো দুই পক্ষ ওই দুই ফোরামের শিক্ষার্থী বলে জানা গেছে।

আহত ১২ শিক্ষার্থীর মধ্যে কক্সবাজার জেলার পাঁচজন হলেন—হোসেন নুর আবিদ, মোস্তফা ওবায়দুল, তাকবির হাবিব, আরাফাত আবির ও মো. ইমরান। অন্যরা হলেন আবদুল্লাহ আল তৌসিফ, আল আমিন, আদিত্য রায়, মো. হাসান খন্দকার, মেহেরাব হোছাইন, মো. মোস্তাকিম ও তারেক হোছাইন। আহতরা ইনস্টিটিউটের বিভিন্ন বিভাগের শিক্ষার্থী।

সংঘর্ষের পর ইনস্টিটিউট কর্তৃপক্ষ আহতদের উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়। ঘটনার তদন্তে অটোমোবাইল বিভাগের প্রধান প্রকৌশলী রহমত উল্লাহকে আহ্বায়ক করে সাত সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে।

খবর পেয়ে কাপ্তাই থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। কাপ্তাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মাহমুদুল হাসান জানান, বর্তমানে ক্যাম্পাসের পরিস্থিতি শান্ত রয়েছে এবং নিরাপত্তা জোরদার করা হয়েছে। এ ঘটনায় থানায় এখনো কেউ অভিযোগ করেনি।

ইনস্টিটিউটের হোস্টেল সুপার আবদুল মান্নান বলেন, ফেসবুকে স্ট্যাটাস দেওয়াকে কেন্দ্র করেই দুই পক্ষের মধ্যে সংঘর্ষ হয়েছে। তদন্ত কমিটির প্রতিবেদন পাওয়ার পর ঘটনার বিস্তারিত জানা যাবে।

আপনার মন্তব্য লিখুন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশিত হবে না।