ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে রাঙ্গুনিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের উদ্যোগে সচেতনতামূলক র্যালি ও পরিচ্ছন্নতা কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (৬ জুন) উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. জয়নাব জমিলার নেতৃত্বে স্বাস্থ্য কমপ্লেক্স প্রাঙ্গণে এ কর্মসূচির আয়োজন করা হয়। এতে স্বাস্থ্য বিভাগের কর্মকর্তা-কর্মচারীরা অংশগ্রহণ করেন।
কর্মসূচির প্রতিপাদ্য ছিল— “রাখিব চারপাশ পরিষ্কার, করিব ডেঙ্গু প্রতিকার”। র্যালি শেষে অংশগ্রহণকারীরা হাসপাতাল প্রাঙ্গণ ও আশপাশে পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালনা করেন এবং ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধির জন্য বিভিন্ন পরামর্শ দেন।
এ সময় বক্তারা বলেন, ডেঙ্গু প্রতিরোধে মশার প্রজননস্থল ধ্বংস করা, বাড়ির আশপাশ পরিষ্কার রাখা এবং জমে থাকা পানি নিয়মিত অপসারণ করা অত্যন্ত জরুরি। ফুলের টব, ডাবের খোসা, পুরোনো টায়ার, বালতি, ড্রাম ও এসির ট্রেতে পানি জমতে না দেওয়ার ওপর বিশেষ গুরুত্বারোপ করা হয়।
স্বাস্থ্য বিভাগ জানায়, পানির ট্যাংক ও ড্রাম ঢেকে রাখা এবং সেগুলো নিয়মিত পরিষ্কার করা ডেঙ্গু প্রতিরোধে কার্যকর ভূমিকা রাখে। পাশাপাশি মশার কামড় থেকে সুরক্ষায় পূর্ণহাতা পোশাক পরা, মশারি ব্যবহার, দরজা-জানালায় নেট লাগানো এবং প্রয়োজন অনুযায়ী মশা নিরোধক ব্যবহারের পরামর্শ দেওয়া হয়।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. জয়নাব জমিলা বলেন, ডেঙ্গু প্রতিরোধে ব্যক্তিগত ও সামাজিক সচেতনতার কোনো বিকল্প নেই। সবাইকে নিজ নিজ বাড়ি ও আশপাশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার মাধ্যমে ডেঙ্গুর বিস্তার রোধে এগিয়ে আসতে হবে।
তিনি আরও বলেন, ডেঙ্গুর লক্ষণ দেখা দিলে দ্রুত চিকিৎসকের পরামর্শ নিতে হবে এবং পর্যাপ্ত তরল খাবার গ্রহণ করতে হবে। চিকিৎসকের পরামর্শ ছাড়া কোনো ধরনের ব্যথানাশক ওষুধ সেবন করা উচিত নয় বলেও তিনি সতর্ক করেন।


