রিকশা থামিয়ে যাত্রীর পকেট কেটে ছিনতাই, মূলহোতাসহ গ্রেপ্তার ২

0

চট্টগ্রাম নগরের কোতোয়ালি থানার পেছনে প্রকাশ্যে এক রিকশাযাত্রীর পকেট কেটে মোবাইল ফোন ও টাকা ছিনতাইয়ের ঘটনায় মূলহোতাসহ দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ ঘটনায় ছিনতাইয়ে ব্যবহৃত একটি ব্যাটারিচালিত অটোরিকশাও জব্দ করা হয়েছে।

গ্রেপ্তার দুজন হলেন ব্রাহ্মণবাড়িয়ার সাদ্দাম হোসেন (৪৩) ও মো. মনির হোসেন (৩৮)। সাদ্দাম বর্তমানে চট্টগ্রামের কর্ণফুলী থানার উত্তর শিকলবাহা এলাকায় বসবাস করেন।

পুলিশ জানায়, গত রোববার বাকলিয়া এলাকায় অভিযান চালিয়ে মনির হোসেনকে গ্রেপ্তার করা হয়। তাঁর দেওয়া তথ্যের ভিত্তিতে ছিনতাইয়ে ব্যবহৃত ব্যাটারিচালিত অটোরিকশাটি উদ্ধার করা হয়। পরে সোমবার গোয়েন্দা পুলিশের একটি দল অভিযান চালিয়ে সাদ্দাম হোসেনকে গ্রেপ্তার করে। মনিরকে আদালতে পাঠানো হয়েছে।

কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু জায়েদ মো. নাজমুন নুর বলেন, ছিনতাইয়ের খবর পাওয়ার পর জড়িতদের গ্রেপ্তারে অভিযান শুরু করে পুলিশ। সাদ্দাম হোসেন একজন পেশাদার ছিনতাইকারী। ২০২৫ সালে টেরিবাজার এলাকায় একই কায়দায় এক নারীকে ছুরিকাঘাত করে স্বর্ণালংকার ছিনতাইয়ের ঘটনায়ও তিনি গ্রেপ্তার হয়েছিলেন। তাঁর বিরুদ্ধে চট্টগ্রাম মহানগরের বিভিন্ন থানায় ছিনতাই, দস্যুতা ও দ্রুত বিচার আইনে নয়টি মামলা বিচারাধীন রয়েছে।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, শনিবার সকালে কোতোয়ালি থানার পাথরঘাটার সতীশ বাবু লেনে এক রিকশাযাত্রীকে থামিয়ে চালকসহ তিন ছিনতাইকারী তাঁর কাছ থেকে মালামাল ছিনিয়ে নেওয়ার চেষ্টা করেন। এ ঘটনার ৮৮ সেকেন্ডের একটি ভিডিও পরে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে।

ভিডিওতে দেখা যায়, দুই ছিনতাইকারী ওই যাত্রীকে ঘিরে রেখেছেন। একজন ছুরি হাতে তাঁকে জিম্মি করে রাখেন, আরেকজন তাঁর প্যান্টের পকেট থেকে জিনিসপত্র বের করার চেষ্টা করেন। একপর্যায়ে যাত্রীর পায়ে ছুরি দিয়ে আঘাত করা হয়। পকেট থেকে জিনিস বের করতে না পেরে ধারালো ছুরি দিয়ে প্যান্টের পকেট কেটে ফেলেন এক ছিনতাইকারী।

পরে আশপাশের বাসাবাড়ির লোকজন চিৎকার শুরু করলে ছিনতাইকারীরা আগে থেকে প্রস্তুত রাখা ব্যাটারিচালিত অটোরিকশায় উঠে পালিয়ে যান। ঘটনা সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর পুলিশ অভিযান চালিয়ে দুজনকে গ্রেপ্তার করে।

আপনার মন্তব্য লিখুন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশিত হবে না।