সংযুক্ত আরব আমিরাতের শারজায় চট্টগ্রামের হাটহাজারী উপজেলার সোনাইরকুল প্রবাসী মানবিক সংগঠনের উদ্যোগে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২ সেপ্টেম্বর) রাতে শারজার একটি স্থানীয় রেস্টুরেন্টে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে সংগঠনের বিভিন্ন মানবিক ও কল্যাণমুখী কর্মকাণ্ড তুলে ধরার পাশাপাশি মহানবী হজরত মুহাম্মদ (সা.)-এর জীবন ও আদর্শ নিয়ে আলোচনা করা হয়।
সংগঠনের সদস্যরা জানান, সোনাইরকুল গ্রামের দুস্থ ও অসহায় মানুষের পাশে দাঁড়ানো, এতিমদের সহায়তা করা, অস্বচ্ছল শিশুদের পড়াশোনায় সহযোগিতা এবং প্রবাসে থাকা সোনাইরকুলবাসীর বিপদে পাশে দাঁড়ানোর লক্ষ্য নিয়ে সংগঠনটি কাজ করছে। এর পাশাপাশি প্রবাসে কোনো সদস্যের মৃত্যু হলে নিজস্ব অর্থায়নে মরদেহ দেশে ফিরিয়ে আনার উদ্যোগও নিয়েছে সংগঠনটি।
মৌলানা নুরুল আলমের সভাপতিত্বে এবং সাইফুর রহমান শাকিলের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৌলানা এনামুল হক ও সংগঠনের সাধারণ সম্পাদক আলহাজ্ব গোলাম কাদের।
অনুষ্ঠানে ভার্চুয়ালি কাতার থেকে ভিডিও কলের মাধ্যমে যুক্ত হন সংগঠনের সভাপতি মামনুল ইসলাম তালুকদার। এছাড়া সৈয়দ মহিউদ্দিন, পিয়ারুল ইসলাম, সাইফুল্লাহ চৌধুরী, আহিদুল আলম অহিদ, গিয়াস উদ্দিন মিল্টন, শাহিনুল আলম শাহিন, জামসেদ চৌধুরী ইউনিক, সাইফুল আলম, ওয়াসিম চৌধুরী, আরিফুল ইসলাম আজম চৌধুরী ও মৌলানা জামাল উদ্দিনসহ সংগঠনের বিভিন্ন প্রবাসী সদস্য এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিরা এতে অংশ নেন।
বক্তারা সোনাইরকুল প্রবাসী মানবিক সংগঠনের বিভিন্ন মানবিক উদ্যোগের প্রশংসা করেন। একই সঙ্গে ভবিষ্যতেও সংগঠনের সেবামূলক কার্যক্রম আরও বিস্তৃত ও অব্যাহত রাখার আহ্বান জানান।
আলোচনা সভা শেষে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.)-এর তাৎপর্য তুলে ধরে বিশেষ মোনাজাত করা হয়। মোনাজাতে দেশ, জাতি এবং প্রবাসে অবস্থানরত বাংলাদেশিদের সুখ, শান্তি ও সমৃদ্ধি কামনা করা হয়।


