শাহ আমানতে এক সপ্তাহে ১৬ ফ্লাইট বাতিল

0

মধ্যপ্রাচ্যের অস্থিতিশীল পরিস্থিতির জেরে চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে ফ্লাইট বিপর্যয় এখনো পুরোপুরি কাটেনি। শেষ এক সপ্তাহে (১৮ থেকে ২৪ এপ্রিল) ১৬টি আন্তর্জাতিক ফ্লাইট বাতিল করা হয়েছে।

বিমানবন্দরের জনসংযোগ কর্মকর্তা প্রকৌশলী মোহাম্মদ ইব্রাহীম খলিল নিশ্চিত করে বলেন, ফেব্রুয়ারি থেকে এ পর্যন্ত সর্বমোট ৩৩৮টি আন্তর্জাতিক ফ্লাইট বাতিলের ঘটনা ঘটেছে। প্রতিদিন গড়ে ২ থেকে ৩টি ফ্লাইট বাতিল হওয়ায় বিপাকে পড়ছেন মধ্যপ্রাচ্যগামী হাজারো যাত্রী।

শেষ সাত দিনে বাতিল হওয়া ১৬টি ফ্লাইটের মধ্যে রয়েছে—বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ১টি অ্যারাইভাল (আগমণী) ও ২টিকে ডিপার্চার (বহির্গমন) ফ্লাইট। এয়ার আরাবিয়া শারজাহ রুটের ৪টি অ্যারাইভাল ও ৪টি ডিপার্চার ফ্লাইট। সালাম এয়ারের মাস্কাট রুটের ২টি অ্যারাইভাল ও ২টি ডিপার্চার ফ্লাইট। ইউএস-বাংলা এয়ারলাইন্সের ১টি ডিপার্চার ফ্লাইট।

বিমানবন্দর সূত্র জানায়, যুদ্ধবিরতির পর থেকে ফ্লাইট চলাচলে কিছুটা স্থিতিশীলতা আসতে শুরু করেছে। বিশেষ করে শারজাহ, দুবাই ও আবুধাবি রুটের ফ্লাইটগুলো ধীরে ধীরে স্বাভাবিক হওয়ার পথে। এছাড়া চট্টগ্রাম-দোহা রুটে পুনরায় ফ্লাইট চলাচল শুরু হয়েছে, যা দ্রুতই পূর্ণমাত্রায় সচল হবে বলে আশা করছে বিমানবন্দর কর্তৃপক্ষ।

ফ্লাইট বাতিলের ফলে একদিকে যেমন প্রবাসীদের কর্মস্থলে ফেরা অনিশ্চিত হয়ে পড়ছে, অন্যদিকে আর্থিক ও মানসিকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছেন যাত্রীরা। এয়ারলাইন্সগুলো পরিস্থিতির উন্নতির দাবি করলেও প্রতিদিনের এই ফ্লাইট বাতিল যাত্রীদের মধ্যে উদ্বেগ জিইয়ে রেখেছে।

আপনার মন্তব্য লিখুন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশিত হবে না।