চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে এক যাত্রীর ব্যাগেজ তল্লাশি করে বিপুল পরিমাণ সিগারেট জব্দ করেছে কাস্টমস কর্তৃপক্ষ। জব্দকৃত সিগারেটের পরিমাণ ২০০ কার্টুন। যার বাজারমূল্য আনুমানিক ৮ লাখ টাকার বেশি বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
শনিবার সকাল ৯টা ৪০ মিনিটে গোপন সংবাদের ভিত্তিতে বিমানবন্দর কাস্টমস শাখা ও কাস্টমস ইন্টেলিজেন্স যৌথভাবে অভিযান চালিয়ে এ সিগারেটের চালান উদ্ধার করে। আটক যাত্রী দুবাই থেকে ফ্লাইদুবাই এয়ারলাইন্সে চট্টগ্রামে আসেন বলে জানানো হয়।
বিমানবন্দরের জনসংযোগ কর্মকর্তা প্রকৌশলী মোহাম্মদ ইব্রাহীম খলিল এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করে বলেন, যাত্রীর নাম তৌহিদুল ইসলাম আরাফাত। তার ব্যাগেজ তল্লাশির সময় বিপুল পরিমাণ সিগারেট পাওয়া যায়, যা কাস্টমস আইনে জব্দ করা হয়েছে।


