চট্টগ্রামের কর্ণফুলী উপজেলার দৌলতপুর বহুমুখী উচ্চ বিদ্যালয়ের সামনে শিক্ষার্থী ও পথচারীদের নিরাপদ পারাপারের জন্য ফুটওভার ব্রিজ নির্মাণের দাবি জানানো হয়েছে। এ দাবিতে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. রিদুয়ানুল ইসলামের কাছে স্মারকলিপি দিয়েছেন উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক ও বড়উঠান ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী জাহিদুল ইসলাম শামীম।
সোমবার সন্ধ্যায় বিষয়টি নিশ্চিত করে জাহিদুল ইসলাম শামীম বলেন, বড়উঠান ইউনিয়নের দৌলতপুর বহুমুখী উচ্চ বিদ্যালয়ের সামনে ব্যস্ত সড়কে প্রতিদিন দ্রুতগতির যানবাহন চলাচল করে। এতে শিক্ষার্থী, শিক্ষক, অভিভাবক ও সাধারণ পথচারীদের ঝুঁকি নিয়ে সড়ক পারাপার হতে হচ্ছে। ফলে সেখানে প্রায়ই দুর্ঘটনার আশঙ্কা তৈরি হচ্ছে।
তিনি বলেন, শিক্ষার্থীদের জীবনের নিরাপত্তা নিশ্চিত করতে গত বুধবার (৩০ সেপ্টেম্বর) উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে ফুটওভার ব্রিজ নির্মাণের দাবিতে লিখিত আবেদন দেওয়া হয়েছে।
শামীম আরও বলেন, ঐতিহ্যবাহী এ শিক্ষাপ্রতিষ্ঠানে প্রায় হাজারো শিক্ষার্থীর নিরাপত্তার কথা বিবেচনা করে দ্রুত ফুটওভার ব্রিজ নির্মাণ করা প্রয়োজন। এতে শিক্ষার্থী ও সাধারণ মানুষের চলাচল নিরাপদ হওয়ার পাশাপাশি দুর্ঘটনার ঝুঁকিও কমবে।
‘আশ্বাস নয়, বাস্তবায়ন চাই—নিরাপদ সড়ক, নিরাপদ ভবিষ্যৎ চাই’ স্লোগানকে সামনে রেখে শিক্ষার্থী ও পথচারীদের নিরাপত্তায় দ্রুত প্রশাসনিক উদ্যোগ নেওয়ার আহ্বান জানানো হয়েছে স্মারকলিপিতে।
এর আগে ২৯ সেপ্টেম্বর বিকেল ৪টার দিকে উপজেলার কলেজ বাজারে আব্দুল জলিল চৌধুরী কৃষি উচ্চ বিদ্যালয়ের সামনে ‘কর্ণফুলী নিরাপদ উদ্যোগ’ নামে একটি সামাজিক সংগঠনের উদ্যোগে মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক ও সামাজিক সংগঠনের সদস্যরা অংশ নেন। মানববন্ধন থেকে কলেজ বাজার এজে চৌধুরী ও দৌলতপুর বহুমুখী উচ্চ বিদ্যালয় এলাকায় মহাসড়ক পারাপারে নিরাপত্তা নিশ্চিত, ফুটওভার ব্রিজ নির্মাণসহ পাঁচ দফা দাবি জানানো হয়।


