চট্টগ্রামের সীতাকুণ্ডের ফেরদৌস স্টিল শিপ ব্রেকিং ইয়ার্ডে দুর্ঘটনায় হতাহতদের দেখতে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে গেছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। এ সময় তিনি নিহতদের পরিবারকে ১০ লাখ টাকা করে ক্ষতিপূরণ দেওয়ার আশ্বাস দিয়েছেন। একই সঙ্গে দুর্ঘটনার কারণ খুঁজে বের করতে তদন্ত কমিটি গঠনের নির্দেশ দিয়েছেন তিনি।
শুক্রবার (১৪ আগস্ট) বিকেল পৌনে ৪টার দিকে চট্টগ্রাম মেডিকেলে সাংবাদিকদের এসব তথ্য জানান অর্থমন্ত্রী।
আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, শিপইয়ার্ড কর্তৃপক্ষের পক্ষ থেকে নিহতদের পরিবারকে ১০ লাখ টাকা করে দেওয়া হবে। পাশাপাশি সরকারের পক্ষ থেকেও আর্থিক সহযোগিতা দেওয়া হবে।
এর আগে শুক্রবার সকালে সীতাকুণ্ডের ভাটিয়ারী এলাকায় ফেরদৌস স্টিল শিপ ব্রেকিং ইয়ার্ডে পুরোনো একটি এলএনজিবাহী জাহাজ কাটার সময় এ দুর্ঘটনা ঘটে। এতে বেশ কয়েকজন হতাহত হন।
ফায়ার সার্ভিসের কর্মকর্তারা জানিয়েছেন, ২০ থেকে ২৫ বছরের পুরোনো জাহাজটি কাটার সময় বিষাক্ত কার্বন মনোক্সাইড গ্যাস ছড়িয়ে পড়তে পারে। এই বিষাক্ত গ্যাসের কারণেই হতাহতের ঘটনা ঘটে থাকতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।


