চট্টগ্রাম নগরীর কোতোয়ালি থানার রিয়াজউদ্দিন বাজার এলাকায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ অবৈধ বিদেশি সিগারেট জব্দ করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব-৭)। সোমবার (১০ আগস্ট) রাতে গোপন সংবাদের ভিত্তিতে রিয়াজউদ্দিন বাজারের ‘ফলের গলি’র একটি ভবনে এই অভিযান চালিয়ে এসব অবৈধ বিদেশি সিগারেট জব্দ করা হয়। এসব সিগারেটের মূল্য প্রায় দেড় কোটি টাকা।
র্যাব-৭ সূত্রে জানা গেছে, শুল্ক ও কর ফাঁকি দিয়ে দীর্ঘদিন ধরে একটি অসাধু চক্র অবৈধভাবে বিদেশি সিগারেট মজুদ করে বিক্রি করে আসছিল। এমন সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে রিয়াজউদ্দিন বাজারের ওই ভবনের দ্বিতীয় ও তৃতীয় তলায় তল্লাশি চালায় র্যাব। তল্লাশিকালে ভবনটির কয়েকটি কক্ষ থেকে আনুমানিক ১ কোটি ৫০ লাখ টাকা মূল্যমানের চোরাই বিদেশি সিগারেট উদ্ধার করা হয়।
র্যাব-৭-এর কর্মকর্তা মেজর জালিস মাহমুদ খান জানান, অবৈধভাবে বিদেশি সিগারেট মজুদ ও কেনাবেচার সংবাদের ভিত্তিতেই এ অভিযান পরিচালিত হয়েছে। এই অবৈধ চোরাচালান চক্রের সঙ্গে জড়িতদের চিহ্নিত করে গ্রেপ্তারের চেষ্টা চলছে। একই সঙ্গে উদ্ধার করা আলামতের বিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।


