চট্টগ্রাম ১৩ (আনোয়ারা-কর্ণফুলী) আসনের বৃহত্তর সুন্নিজোট প্রার্থী মাওলানা এসএম শাহজাহান বলেছেন, ‘সুফিবাদি সুন্নি মুসলমান কখনো সন্ত্রাস, চাদাবাজি, হানাহানি মারামারিকে প্রশ্রয় দেয় না। আমরা সবসময় শান্তিপ্রিয় মানুষ। আমরা সবধর্মের মানুষের সমান অধিকারের মাধ্যমে সম্প্রীতির বাংলাদেশ গড়তে চাই। ভোটের আগে বসন্তের কোকিল হয়ে অনেকে সুন্দর কথা বলছে। করোনা বা বিপদের সময়ে অতীতে কখনো তাদের খুঁজে পাওয়া যায়নি। ভবিষ্যতেও তাদের পাওয়া যাবে না। কিন্তু আমি আপনাদের পাশে ছিলাম, মানুষ পরিবর্তন চায়। শান্তি সমৃদ্ধি উন্নয়নের জন্য মোমবাতি প্রতীকে ভোট দিয়ে জয়যুক্ত করতে হবে। আগামী ১২ ফেব্রুয়ারি সাধারণ জনতা মোমবাতি প্রতীকের পক্ষে ব্যালটের মাধ্যমে ইতিহাস রচনা করবে।’
সোমবার (৯ ফেব্রুয়ারি) দুপুরে চট্টগ্রামের আনোয়ারা উপজেলার কালাবিবি দীঘি মোড়ে একটি কনভেনশন হলে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন তিনি। এসময় উপস্থিত ছিলেন ড. এম এ অদুদ, স ম হামেদ হোছাইন, এসএম জাহাঙ্গীর, এমএ মাবুদ, ডিআইএম জাহাঙ্গীর, নাজিম উদ্দিন, গোলাম মোস্তফা, মাওলানা ইদ্রিছ আলকাদেরী, হাফেজ আবদুর রহিম, মফিজ উল্লাহ, হাফেজ নুরুল আলম প্রমূখ।
মাওলানা এসএম শাহজাহান বলেন, আমরা তরুণ-যুবশক্তিকে জনশক্তি করতে চাই। টানেল কেন্দ্রিক আধুনিক শিল্পনগরী গড়ে তুলে আনোয়ারা-কর্ণফুলীর মানুষের অগ্রাধিকার ভিত্তিতে কর্মসংস্থান নিশ্চিত করা হবে। মনিরুজ্জামান ইসলামাবাদীর স্মৃতি বিজড়িত দেয়াঙ পাহাড়ে বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা, সরকারি হাসপাতালে আধুনিক চিকিৎসা নিশ্চিত করা হবে। পীর-আউলিয়া-সুফিবাদী নিদর্শনগুলো সংরক্ষণ করে মাজার কেন্দ্রিক ইসলামী কমপ্লেক্স গড়ে তোলা হবে।



মন্তব্য নেওয়া বন্ধ।