কক্সবাজারের মহেশখালী উপজেলার কালারমারছড়া বাজারে ব্যবসায়ী ও কর্মচারীদের অংশগ্রহণে শুরু হয়েছে ‘কালারমারছড়া বাজার ব্যবসায়ী ও কর্মচারী আন্তঃহাউজ ফুটবল টুর্নামেন্ট ২০২৬’।
শনিবার (১০ অক্টোবর) বিকেল ৪টায় কালারমারছড়া প্রাথমিক বিদ্যালয় মাঠে কালারমারছড়া বাজার বহুমুখী সমবায় সমিতি লিমিটেডের উদ্যোগে টুর্নামেন্টের উদ্বোধন করা হয়। উদ্বোধনী খেলায় মুখোমুখি হয় আজাদ-আজিজ মার্কেট ও আলিফ শপিং প্লাজা।
অনুষ্ঠানে উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন কালারমারছড়া উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি এইচ. এম. বাকী বিল্লাহ। প্রধান অতিথি ছিলেন মহেশখালী উপজেলা জাতীয়তাবাদী যুবদলের যুগ্ম আহ্বায়ক জাহেদুল হক নাহিদ। প্রধান মেহমান হিসেবে উপস্থিত ছিলেন কালারমারছড়া ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আবু আহমদ।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কালারমারছড়া বাজার বহুমুখী সমবায় সমিতি লিমিটেডের সভাপতি জিয়াউর রহমান মাতব্বর।
আয়োজকেরা জানান, ব্যবসায়ী ও কর্মচারীদের মধ্যে পারস্পরিক সম্প্রীতি, সৌহার্দ্য ও ভ্রাতৃত্ববোধ জোরদার করাই এ টুর্নামেন্টের মূল লক্ষ্য। পাশাপাশি খেলাধুলার প্রতি তরুণদের আগ্রহ বাড়ানো এবং স্থানীয় পর্যায়ে ক্রীড়াচর্চা সম্প্রসারণেও এ আয়োজন ভূমিকা রাখবে বলে আশা করছেন তাঁরা।


