চট্টগ্রামের সীতাকুণ্ডের জঙ্গল সলিমপুর এলাকায় বাংলাদেশ সেনাবাহিনীর প্রস্তাবিত সড়ক সলিমপুর আবাসিক এলাকার ভেতর দিয়ে না নেওয়ার সুপারিশ করেছে চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ (সিডিএ)। আবাসিক এলাকার নিরাপত্তা ও শান্তিপূর্ণ পরিবেশের কথা বিবেচনা করে বিকল্প রুট ব্যবহারের পরামর্শ দেওয়া হয়েছে।
মঙ্গলবার(২১ জুলাই) সিডিএ চেয়ারম্যান ইঞ্জিনিয়ার বেলায়েত হোসেন প্লট মালিকদের সঙ্গে মতবিনিময় এবং সেনাবাহিনীর কর্মকর্তাদের সঙ্গে প্রস্তাবিত সড়কের স্থান পরিদর্শন করেন। পরে তিনি জানান, জঙ্গল সলিমপুরের সড়কটি আবাসিক এলাকার ভেতর দিয়ে করা সমীচীন নয়। তবে খালের পাড় ধরে অস্থায়ীভাবে চলাচলের ব্যবস্থা করা যেতে পারে।
সিডিএ জানায়, জঙ্গল সলিমপুর স্পর্শকাতর এলাকা হওয়ায় আবাসিক এলাকার সঙ্গে সরাসরি সংযোগ নিরাপত্তা ঝুঁকি তৈরি করতে পারে। তাই প্লট মালিকদের মতামতের ভিত্তিতে সেনাবাহিনীকে বিকল্প রুট দেখিয়ে দেওয়া হয়েছে।
এ সময় সিডিএ চেয়ারম্যান এলাকায় দীর্ঘদিনের গ্যাস ও পানির সংকট দ্রুত সমাধানের আশ্বাসও দেন।


