সহপাঠীকে ধর্ষণের প্রতিবাদে শিক্ষার্থী-এলাকাবাসীর বিক্ষোভ

0

চট্টগ্রামের আনোয়ারার রায়পুর গাউছিয়া হাশেমীয়া আলিম মাদরাসার ইবতেদায়ী তৃতীয় শ্রেণির ছাত্রী বেড়াতে যাওয়ার পথে দলবদ্ধ ধর্ষণের বিচার দাবিতে বিক্ষোভ মিছিল ও সড়ক অবরোধ কর্মসূচি পালন করেছে সহপাঠী শিক্ষার্থী ও এলাকাবাসী।

বুধবার (৬ মে) বেলা ১১টার দিকে উপজেলার বিভিন্ন স্কুল-কলেজ, মাদ্রাসার শিক্ষার্থী ও এলাকাবাসী রায়পুর গাউছিয়া হাশেমীয়া আলিম মাদরাসার সামনে এসে জড়ো হয়।

পরে সেখান থেকে একটি বিক্ষোভ মিছিল নিয়ে ঘটনাস্থলে গিয়ে সড়ক অবরোধ করে বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশ করে এবং জড়িত ১ নম্বর আসামী আবু তাহেরের (৪২) দোকান ভাঙচুর চালায়। বিক্ষোভে ইউনিয়নের বিভিন্ন সামাজিক সংগঠন, রাজনৈতিক সংগঠনসহ স্কুল, কলেজ, মাদ্রাসার শিক্ষার্থীরা অংশ নেন।

ভুক্তভোগী পরিবার ও পুলিশ সূত্র জানায়, গত ২৭ এপ্রিল (সোমবার) রাতে ভুক্তভোগী কিশোরী নিজের খালাতো বোনের বাড়িতে বেড়াতে যাওয়ার পথে রায়পুর ইউনিয়নের পূর্বগহিরা এলাকার একটি মুদির দোকানে আটকে জোরপূর্বক দলবদ্ধ ধর্ষণ করে। পরদিন মঙ্গলবার পর্যন্ত আটকে রেখে একাধিকবার ধর্ষণ করে বলে মামলার এজাহারে উল্লেখ করা হয়।

পরে ভিকটিম নিজের বাড়ি এসে তার মাকে ঘটনা জানানোরপর শনিবার (২ মে) সকালে ভুক্তভোগী কিশোরীর মা বাদী হয়ে রায়পুর ইউনিয়নের আবু তাহের (৪২), রবিউল হোসেন প্রকাশ চুমকিয়া (২৪), মো. ফারুক (২৩) ও আনোয়ার হোসেন (২২)কে আসামী করে আনোয়ারা থানায় মামলা করে। ঘটনার ৯দিন পেরিয়ে গেলেও পুলিশ কোনো আসামীকে গ্রেপ্তার না করায় ক্ষোভ প্রকাশ করেন স্থানীয়রা।

আনোয়ারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জুনায়েত চৌধুরী বলেন, ভিকটিমের পরিবার ঘটনারপর দেরিতে মামলা করায় আসামীরা পালিয়ে যাওয়ার সুযোগ পেয়েছে। পুলিশের একটি টিম কাজ করছে আসামীদের গ্রেপ্তারের। আশা করছি শীঘ্রই গ্রেপ্তার করতে সক্ষম হবে।

আপনার মন্তব্য লিখুন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশিত হবে না।