বান্দরবান শহরের সাঙ্গু নদীতে হাত-মুখ ধুতে নেমে নিখোঁজ হয়েছে শিশু আরেফিন (১১)। শনিবার সকাল ১১টা পর্যন্তও তার খোঁজ মেলেনি।
বান্দরবান সদর থানার ওসি মাসুদ পারভেজ জানান, শুক্রবার বিকালে বন্ধুদের সঙ্গে নদীর চরে ফুটবল খেলা শেষে সন্ধ্যা ৬টার দিকে হাত-মুখ পরিস্কার করতে গিয়ে নদীতে পড়ে যায় সে।
ঘটনার পরপরই ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স কর্মীরা উদ্ধার অভিযান শুরু করেন।
স্থানীয় সূত্রগুলো জানায়, শিশু আরেফিনকে খুঁজে পেতে তার স্বজন এবং প্রতিবেশীরা ইঞ্জিন বোট নিয়ে উদ্ধার অভিযানে অংশ নেন। তবে নদীতে প্রবল স্রোত থাকায় উদ্ধার অভিযান ব্যহত হচ্ছে বলে জানান তারা। এমন পরিস্থিতিতে শিশুটিকে খুঁজে পেতে চট্টগ্রাম থেকে ডুবুরী দল ডাকা হয়েছে।
আরেফিনের বাবা এনামুল হক বান্দরবান শহরের বালাঘাটা বাজারের সাতকানিয়া হোটেলের মালিক। তার একমেয়ে ও দুই জমজ ছেলে। তাদেরই একজন আরেফিন।


