চট্টগ্রামের বায়েজিদ লিংক রোডে অবস্থিত বিশ্বমানের স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠান সাজিনাজ হসপিটাল-এ যথাযোগ্য মর্যাদায় আন্তর্জাতিক নার্সেস ডে পালিত হয়েছে।
মঙ্গলবার সকালে হাসপাতাল প্রাঙ্গণে কেক কাটা, বেলুন উড্ডয়ন ও র্যালির মাধ্যমে দিবসটির উদ্বোধন করেন হাসপাতালের চেয়ারম্যান সফিকুল ইসলাম এবং শিশু বিশেষজ্ঞ ডা. ফয়সল আহমদ।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ব্যবস্থাপনা পরিচালক সাইফুল ইসলাম, ডিরেক্টর হাসান মাহমুদ চৌধুরী ও ডা. মো. ফারুক হোসেন, ম্যানেজার কর্পোরেট অ্যাফেয়ার্স মোহাম্মদ আরেফিন, ম্যানেজার এইচআর অ্যান্ড অ্যাডমিন মো. শাখাওয়াত হোসেন, মেট্রন আসমা আক্তার, সহকারী মেট্রন লাল দিক লুসাই এবং নার্সিং সুপারভাইজর ইভেন খিয়াং।
অনুষ্ঠানে বক্তব্যে ডা. ফয়সল আহমদ বলেন, নার্সরা একটি হাসপাতালের প্রাণ। একজন রোগীর চিকিৎসা শুধু ওষুধ বা অস্ত্রোপচারের মাধ্যমে সম্পূর্ণ হয় না; নার্সদের আন্তরিক সেবা, মানবিক আচরণ ও ধৈর্যশীল পরিচর্যা রোগীর সুস্থতায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তিনি আন্তর্জাতিক নার্সেস ডে উপলক্ষে সকল নার্সের প্রতি গভীর শ্রদ্ধা ও কৃতজ্ঞতা জানান।
চেয়ারম্যান সফিকুল ইসলাম বলেন, করোনা মহামারিসহ বিভিন্ন সংকটময় সময়ে নার্সরা যে সাহসিকতা ও মানবিকতার পরিচয় দিয়েছেন, তা জাতি শ্রদ্ধার সঙ্গে স্মরণ করবে। রোগীদের প্রতি তাদের মমত্ববোধ ও নিরলস পরিশ্রম স্বাস্থ্যখাতে অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছে।
তিনি আরও বলেন, নার্সদের পেশাগত দক্ষতা উন্নয়ন, আধুনিক প্রশিক্ষণ এবং নিরাপদ ও সম্মানজনক কর্মপরিবেশ নিশ্চিত করতে হাসপাতাল কর্তৃপক্ষ প্রতিশ্রুতিবদ্ধ।
অনুষ্ঠান শেষে নার্সদের অংশগ্রহণে মনোজ্ঞ সাংস্কৃতিক পরিবেশনা অনুষ্ঠিত হয়।


