উচ্চ আদালত থেকে জামিন পাওয়ার পর স্ত্রী মাহমুদা খানম মিতু হত্যা মামলায় কারামুক্ত হচ্ছেন সাবেক পুলিশ সুপার (এসপি) বাবুল আক্তার। রোববার (১ ডিসেম্বর) সন্ধ্যায় চট্টগ্রাম কারাগার থেকে তার মুক্ত হওয়ার কথা রয়েছে।
২০২১ সালের ১২ মে স্ত্রী মাহমুদা খানম মিতু হত্যা মামলায় প্রধান আসামি হিসেবে গ্রেপ্তার হন বাবুল আক্তার। এরপর থেকে কারাগারে রয়েছেন তিনি। দীর্ঘ সময়ে তিনি মামলাটিতে বেশ কয়েকবার জামিন আবেদন করলে আদালত নামঞ্জুর করেন। সবশেষ গত ২৭ নভেম্বর বিচারপতি মো. আতোয়ার রহমান ও বিচারপতি আলী রেজার হাইকোর্ট বেঞ্চ তাকে জামিন দেন।
বাবুল আক্তারের চট্টগ্রামের আইনজীবী অ্যাডভোকেট কফিল উদ্দিন বলেন, আজ (রোববার) বাবুল আক্তারের জামিনের আদেশ বিচারিক আদালত অর্থাৎ তৃতীয় অতিরিক্ত মহানগর দায়রা জজ আদালতে জমা দেওয়া হয়েছে। এখান থেকে জামিনের আদেশ নিয়ে কারাগারে পাঠানো হচ্ছে। একটু পর তিনি কারামুক্ত হবেন।



মন্তব্য নেওয়া বন্ধ।