চট্টগ্রামে সামান্য বৃষ্টিতেই আবারও জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। মাত্র ১০ মিলিমিটার বৃষ্টিপাতেই নগরীর প্রবর্তক মোড়সহ একাধিক এলাকায় সড়ক হাঁটু পানিতে তলিয়ে যায়। এতে চরম ভোগান্তিতে পড়েন নগরবাসী।
মঙ্গলবার (২৮ এপ্রিল) সকাল থেকে চট্টগ্রামে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি অব্যাহত থাকে। এতে প্রবর্তক, রহমতগঞ্জ, কাতালগঞ্জ ও মুরাদপুরসহ বিভিন্ন এলাকায় জলাবদ্ধতা দেখা দেয়।
জানা গেছে, প্রবর্তক এলাকায় বর্তমানে জলাবদ্ধতা নিরসন প্রকল্পের কাজ চলমান থাকায় পানি নিষ্কাশন ব্যাহত হচ্ছে। এতে অল্প বৃষ্টিতেই পানি জমে যায় এবং সড়ক ডুবে যায়।
ভোগান্তিতে পড়া পথচারী মো. রাশেদুল ইসলাম বলেন, “প্রবর্তক এলাকায় পানির কারণে হাঁটাচলা করা খুবই কষ্টকর হয়ে গেছে। রিকশাচালকরাও আগের ভাড়ার চেয়ে বেশি টাকা নিচ্ছে।”
এদিকে আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, সকাল ৯টা থেকে দুপুর ১২টা পর্যন্ত চট্টগ্রামে ১০ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে।
চট্টগ্রাম সিটি কর্পোরেশনের প্রধান পরিচ্ছন্ন কর্মকর্তা ক্যাপ্টেন ইখতিয়ার উদ্দীন আহমেদ চৌধুরী বলেন, “প্রবর্তক এলাকায় জলাবদ্ধতা নিরসন প্রকল্পের কাজ চলমান থাকায় সাময়িকভাবে পানি চলাচলে সমস্যা হচ্ছে।”


