চট্টগ্রামের চিটাগাং ইউরিয়া ফার্টিলাইজার লিমিটেড (সিইউএফএল) সার কারখানায় ট্রাক সরানোকে কেন্দ্র করে দায়িত্বরত আনসার সদস্যদের সঙ্গে ট্রাকচালকদের সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে দুই আনসার সদস্য আহত হয়েছেন বলে জানা গেছে।
শনিবার (৩ অক্টোবর) রাত ৯টার দিকে সিইউএফএলের লোড আনলোডের মূল ফটকে এ ঘটনা ঘটে। আহতরা হলেন, আনসার সদস্য মোহাম্মদ আলমগীর (৩৫) ও মানিক (২৯)। ঘটনার পর তাদের কারখানার ভেতরে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।
আনসার সদস্যরা বলেন,, কারখানার গেটে ট্রাক চলাচলকে কেন্দ্র করে প্রথমে চালকদের সঙ্গে তাদের কথা-কাটাকাটি হয়। পরে একদল ট্রাকচালক দলবদ্ধ হয়ে গেটে এসে আনসার সদস্যদের সঙ্গে উত্তেজনায় জড়িয়ে পড়েন। একপর্যায়ে আনসার সদস্যদের ওপর হামলা করা হয় বলে অভিযোগ করা হয়েছে।
গেটে দায়িত্বে থাকা আনসার সদস্য তরিকুল ইসলাম বলেন, ট্রাকচালকরা দলবদ্ধ হয়ে এসে আনসার সদস্যদের চাপা দিয়ে মেরে ফেলার হুমকি দেন। পরে অতর্কিত হামলা হয়। এতে দুই আনসার সদস্য গুরুতর আহত হয়েছেন। খবর পেয়ে পুলিশ ও সিইউএফএল কর্তৃপক্ষ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
সিইউএফএল কারখানার আনসার সিকিউরিটি ইনচার্জ আব্দুর রব মাঝি বলেন, দ্রুতগতিতে একটি ট্রাক গেটের ভেতরে প্রবেশের সময় দায়িত্বরত আনসার সদস্যদের সঙ্গে চালকের কথা-কাটাকাটি হয়। পরে বিষয়টি তারা মীমাংসা করে দেন। এর কিছুক্ষণ পর ট্রাকচালকরা দলবদ্ধ হয়ে গেটে এসে আনসার সদস্যদের সঙ্গে সংঘর্ষে জড়িয়ে পড়েন। এতে আলমগীর ও মানিক নামে দুই সদস্য আহত হন।
তিনি আরও বলেন, এসব ট্রাকচালক সিইউএফএল কারখানার সার পরিবহনের কাজে নিয়োজিত এবং তাদের অধিকাংশই স্থানীয়। ঘটনার পর পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বিষয়টি নিয়ে সংশ্লিষ্টদের সঙ্গে বৈঠকের উদ্যোগ নেওয়া হয়েছে।
কর্ণফুলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নূর আহমেদ বলেন, সিইউএফএলের ভেতরে ট্রাক সরানোকে কেন্দ্র করে ট্রাকচালক ও আনসার সদস্যদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। খবর পেয়েই বন্দর পুলিশ ফাঁড়ির আইসি ও পুলিশ সদস্যরা ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে নিয়ে আসেন। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।


