সোশ্যাল মিডিয়ায় ভিসার প্রলোভনমূলক বিজ্ঞাপন দিলে ব্যবস্থা, সতর্ক করল দুবাই কর্তৃপক্ষ

0

সামাজিক যোগাযোগমাধ্যমে অনুমোদনহীনভাবে ভিসা ও আবাসন-সংক্রান্ত সেবার বিজ্ঞাপন প্রচারকারীদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিয়েছে দুবাই কর্তৃপক্ষ।

দুবাইয়ের পরিচয়, নাগরিকত্ব ও বিদেশি বিষয়ক মহাপরিদপ্তর (জিডিআরএফএ) জানিয়েছে, বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যমে নজরদারি চালিয়ে এমন একাধিক অ্যাকাউন্ট ও প্রতিষ্ঠান শনাক্ত করা হয়েছে, যারা কোনো বৈধ অনুমোদন ছাড়াই ভিসা ও আবাসন-সংক্রান্ত সেবা প্রচার করছে।

কর্তৃপক্ষের মতে, এসব অননুমোদিত সেবার ওপর নির্ভর করলে সাধারণ মানুষ প্রতারণা, আর্থিক ক্ষতি ও ভুল তথ্যের শিকার হতে পারেন। তাই ভিসা ও আবাসন-সংক্রান্ত সেবা গ্রহণের ক্ষেত্রে শুধুমাত্র সরকারি ও অনুমোদিত মাধ্যম ব্যবহার করার আহ্বান জানানো হয়েছে।

এ ছাড়া সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচারিত “দ্রুত ভিসা”, “নিশ্চিত ভিসা” বা “সহজ প্রক্রিয়ায় ভিসা” ধরনের প্রলোভনমূলক বিজ্ঞাপনের বিষয়ে সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে। ব্যক্তিগত তথ্য প্রদান বা অর্থ লেনদেনের আগে সংশ্লিষ্ট সেবাদাতার পরিচয় ও বৈধতা যাচাই করারও আহ্বান জানিয়েছে কর্তৃপক্ষ।

জিডিআরএফএ জানিয়েছে, ভিসা ও আবাসন-সংক্রান্ত অবৈধ কার্যক্রমের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে এবং আইন লঙ্ঘনকারীদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

আপনার মন্তব্য লিখুন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশিত হবে না।