চট্টগ্রামের হাটহাজারীতে অভিযান চালিয়ে শুল্ক ফাঁকি দিয়ে দেশে আনা প্রায় ৩৫ লাখ টাকার ভারতীয় শাড়ি ও থ্রিপিস জব্দ করেছে পুলিশ। এ ঘটনায় দুইজনকে গ্রেপ্তার করা হয়েছে। জব্দ করা হয়েছে পণ্য পরিবহনে ব্যবহৃত একটি মিনি ট্রাকও।
সোমবার (২৯ জুন) ভোর সাড়ে ৪টার দিকে হাটহাজারী পৌরসভার খাগড়াছড়ি-চট্টগ্রাম আঞ্চলিক মহাসড়কে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তাররা হলেন মো. আলমগীর হোসেন (৪২) ও মো. সেলিম (৩৪)।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে খাগড়াছড়ি থেকে চট্টগ্রামমুখী একটি মিনি ট্রাকে তল্লাশি চালিয়ে ১ হাজার ২৩৮ পিস ভারতীয় শাড়ি ও ২৪৬ পিস থ্রিপিস উদ্ধার করা হয়। উদ্ধারকৃত পণ্যের আনুমানিক বাজারমূল্য ৩৫ লাখ ৩৫ হাজার ৯০০ টাকা।
হাটহাজারী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদুর রহমান বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে পণ্যগুলো শুল্ক ফাঁকি দিয়ে অবৈধভাবে দেশে আনা হয়েছিল। এ ঘটনায় সংশ্লিষ্ট আইনে মামলা দায়ের করা হয়েছে এবং গ্রেপ্তারদের আদালতে পাঠানোর প্রক্রিয়া চলছে।


