চট্টগ্রামের কর্ণফুলীর ধর্মীয় শিক্ষা প্রতিষ্ঠান ফয়জুলবারী ফাযিল ডিগ্রী মাদ্রাসার এইচএসসি (আলিম) পরীক্ষার্থীদের যাতায়াতের সুবিধার্থে ফ্রি বাস সার্ভিসের আয়োজন করেছে মাদ্রাসার গভর্নিং বডির বিদ্যোৎসাহী সদস্য ও কর্ণফুলী উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহবায়ক জাহেদুল ইসলাম শামীম।
বৃহস্পতিবার সকালে উপজেলার বড়উঠান ইউনিয়নের শাহমীরপুর ফয়জুলবারী ফাযিল ডিগ্রী মাদ্রাসায় তার সৌজন্যে এই ফ্রি বাস সার্ভিস দেওয়া হয়।
দক্ষিণ চট্টগ্রামের ঐতিহ্যবাহী দ্বীনি ও উচ্চশিক্ষার অন্যতম বিদ্যাপীঠ এইচএসসি (আলিম) পরীক্ষার্থীদের নিরাপদ ও সময়মতো পরীক্ষাকেন্দ্রে পৌঁছে দিতে এ উদ্যোগ নেওয়া হয়। এসময় মাদ্রাসার শিক্ষক, শিক্ষার্থী, পরিচালনা কমিটি, অভিভাবকরা উপস্থিত ছিলেন। উদ্বোধনী অনুষ্ঠানে পরীক্ষার্থীদের মাঝে বিভিন্ন শিক্ষা উপকরণ বিতরণ করা হয়।
পরীক্ষার্থীরা জানান, বিনামূল্যে বাস সার্ভিস চালুর ফলে তাদের যাতায়াত নিয়ে কোনো দুশ্চিন্তা থাকছে না। এতে সময়মতো কেন্দ্রে পৌঁছানোর পাশাপাশি মানসিক চাপও কমে যাবে। উদ্যোক্তার প্রতি রইল কৃতজ্ঞতা।
অভিভাবকরা বলেন, শিক্ষার্থীদের জন্য অত্যন্ত প্রশংসনীয় একটি উদ্যোগ এটি। শুধু পরীক্ষার্থীদের উপকারই করবে না, সমাজের বিত্তবান ও সচেতন ব্যক্তিদের শিক্ষার্থীদের পাশে দাঁড়াতে উৎসাহিত করবে। জাহেদুল ইসলাম শামীমের ব্যতিক্রমী এ উদ্যোগকে মানবিক ও শিক্ষাবান্ধব পদক্ষেপ হিসেবে অভিহিত করেন তারা।
গভর্নিং বডির বিদ্যোৎসাহী সদস্য ও যুবদলের সিনিয়র যুগ্ম আহবায়ক জাহেদুল ইসলাম শামীম বলেন, ‘পরীক্ষার্থীরা নিধারিত সময়ের আগে কেন্দ্রে পৌঁছাতেই এ উদ্যোগ। অনেক সময় দেখা যায়, অনেক শিক্ষার্থী সড়কেও দাঁড়িয়ে থাকেন কোন গাড়ির জন্য। আমাদের প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের যেন এ দূর্ভোগ পোহাতে না হয়। এছাড়াও সকল শিক্ষার্থীদের পাশে আমরা সবসময় রয়েছি এবং আগামীতেও থাকব।’


