ইরান যুদ্ধের প্রভাবে জ্বালানি তেলের সংকট বা দাম বৃদ্ধির শঙ্কায় চট্টগ্রামের দক্ষিণাঞ্চলের কর্ণফুলী এলাকার বিভিন্ন পেট্রোল পাম্পে তেল নিতে হুমড়ি খেয়ে পড়েছেন ক্রেতারা। অনেকে পানির খালি প্লাস্টিকের বোতল নিয়েও তেল নিতে আসছেন। তবে পাম্প কর্তৃপক্ষ বোতলে তেল দিতে অস্বীকৃতি জানালে অনেকেই হতাশ হয়ে ফিরে যাচ্ছেন।
কর্ণফুলী উপজেলার বড়উঠান ইউনিয়নের ডাকপাড়া এলাকায় অবস্থিত মেসার্স শরাফত অ্যান্ড ব্রাদার্স পেট্রোল পাম্পে মঙ্গলবার সন্ধ্যা থেকে গভীর রাত পর্যন্ত ব্যক্তিগত গাড়ি ও মোটরসাইকেলের দীর্ঘ সারি দেখা যায়। পাম্পের সীমানা ছাড়িয়ে সড়ক পর্যন্ত যানবাহনের লাইন বিস্তৃত হয়।
বোতলে তেল নিতে আসা দিদারুল আলম, মিজানুর রহমান ও সাব্বির আলমসহ একাধিক ব্যক্তি জানান, কয়েকদিন ধরে গাড়িতে তেল না থাকায় তারা পাম্প পর্যন্ত গাড়ি আনতে পারেননি। অনেকের গাড়ি মাঝপথে বন্ধ হয়ে আছে। বাধ্য হয়ে খালি বোতল নিয়ে তেল নিতে এসেছেন। তবে গাড়ির চাবি ও প্রয়োজনীয় কাগজপত্র দেখানোর পরও পাম্প কর্তৃপক্ষ তেল দেয়নি।
পাম্পের দায়িত্বে থাকা মো. আবু কালাম বলেন, তেলের দাম বাড়ার বিষয়ে এখনো কোনো সরকারি নির্দেশনা বা নিশ্চিত তথ্য নেই। মূলত গুজব ও হুজুগে পড়ে মানুষ অতিরিক্ত তেল সংগ্রহের চেষ্টা করছেন। এতে পাম্পে অতিরিক্ত চাপ তৈরি হয়েছে। নিরাপত্তাজনিত কারণে খালি বোতলে তেল দেওয়া হয়নি।



মন্তব্য নেওয়া বন্ধ।