মিরসরাইয়ে সিলিন্ডার বিস্ফোরণে আগুন, ক্ষতি ১০ লাখ

চট্টগ্রামের মিরসরাইয়ে এলপিজি গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ থেকে সৃষ্ট অগ্নিকাণ্ডে একটি বসতঘরের চারটি কক্ষ পুড়ে গেছে। এতে প্রায় ১০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন ক্ষতিগ্রস্ত পরিবার।

বৃহস্পতিবার (২ এপ্রিল) সকাল ৮টার দিকে উপজেলার সদর ইউনিয়নের আবুনগর এলাকায় করিম ড্রাইভারের বাড়িতে এ ঘটনা ঘটে।

ক্ষতিগ্রস্ত নুরের নাহার জানান, সকালে রান্নার সময় চুলায় আগুন ধরানোর সঙ্গে সঙ্গেই গ্যাস সিলিন্ডার বিস্ফোরিত হয়। মুহূর্তের মধ্যে আগুন ছড়িয়ে পড়ে এবং চার কক্ষের ঘরের আসবাবপত্রসহ সবকিছু পুড়ে ছাই হয়ে যায়। স্থানীয়রা আগুন নিয়ন্ত্রণে আনতে চেষ্টা করলেও ততক্ষণে ব্যাপক ক্ষতি হয়ে যায়।

তিনি বলেন, অনেক কষ্ট করে সংসারের জিনিসপত্র জোগাড় করেছিলাম। এখন সব পুড়ে গেছে, আমরা প্রায় নিঃস্ব হয়ে পড়েছি।

খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। মিরসরাই ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের লিডার সাহলং মারমা জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে গ্যাস সিলিন্ডার থেকেই আগুনের সূত্রপাত হয়েছে।

মন্তব্য নেওয়া বন্ধ।