চট্টগ্রামের কর্ণফুলী উপজেলায় বালু বোঝাই একটি ট্রাকের চাপায় এক বৃদ্ধার মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার (৯ এপ্রিল) সন্ধ্যায় উপজেলার বড়উঠান রাস্তা মাথা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত বনজিকা খাতুন (৬০) ওই এলাকার স্থানীয় নুরুল ইসলামের স্ত্রী।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, রাস্তা পার হওয়ার সময় দ্রুতগতির বালুবাহী ট্রাকটি তাকে চাপা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
খবর পেয়ে কর্ণফুলী থানা পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায় এবং ট্রাকটি জব্দ করে।
কর্ণফুলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. শাহীনূর আলম জানান, দুর্ঘটনার পর ট্রাকের চালক পালিয়ে গেছে। তাকে গ্রেপ্তারের চেষ্টা চলছে। মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে এবং আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।
স্থানীয়রা অভিযোগ করেন, কর্ণফুলী ও আনোয়ারা এলাকার সড়কে খোলা ট্রাকে বালু পরিবহন ও বেপরোয়া গতির কারণে প্রায়ই দুর্ঘটনা ঘটছে।


