কাঠমান্ডুতে আন্তর্জাতিক মাতৃভাষা সাংবাদিকতা সম্মেলন শেষ

0

নেপালের রাজধানী কাঠমান্ডুতে চার দিনব্যাপী ‘তৃতীয় আন্তর্জাতিক মাতৃভাষা সাংবাদিকতা সম্মেলন-২০২৬’ শেষ হয়েছে। বিশ্বের ৩০ দেশের সাংবাদিক, গণমাধ্যমকর্মী ও গবেষকদের অংশগ্রহণে ৯ থেকে ১২ আগস্ট এ সম্মেলন অনুষ্ঠিত হয়।

ফেডারেশন অব নেপালী ইন্ডিজিনাস ন্যাশনালিটিস জার্নালিস্টস (ফোনিজ) আয়োজিত সম্মেলনে সার্বিক সহযোগিতা করে সার্ক জার্নালিস্ট ফোরাম (এসজেএফ)।

সম্মেলনে সার্ক জার্নালিস্ট ফোরাম বাংলাদেশ চ্যাপ্টারের আট সদস্যের প্রতিনিধিদলসহ বিভিন্ন দেশের মাতৃভাষাভিত্তিক সাংবাদিকতায় যুক্ত সাংবাদিক ও গবেষকরা অংশ নেন। ‘দৈনিক আজকাল’-এর বিশেষ সংবাদদাতা মো. জিয়াউর রহমানের নেতৃত্বে বাংলাদেশ প্রতিনিধিদলে ছিলেন দৈনিক বঙ্গবাণীর সম্পাদক মুশতাক আহমেদ মুবারকী, দৈনিক ব্যাংক বীমা অর্থনীতির সম্পাদক মোহাম্মদ মুনীরুজ্জামান, দৈনিক আজকের প্রভাতের সিনিয়র করেসপন্ডেন্ট মো. আবু বকর সিদ্দিক, দৈনিক অমর বাংলার নির্বাহী সম্পাদক পান্না জামান, চ্যানেল-এস টেলিভিশনের শাহনাজ বেগম এবং এশিয়ান টিভির রিপোর্টার ইরফান উদ্দিন ইরো।

কাঠমান্ডুতে আন্তর্জাতিক মাতৃভাষা সাংবাদিকতা সম্মেলন শেষ 1

বাংলাদেশ চ্যাপ্টারের প্রতিনিধিদলের সঙ্গে সার্ক জার্নালিস্ট ফোরামের কেন্দ্রীয় কমিটির সেক্রেটারি জেনারেল ও দি বাংলাদেশ পোস্টের সিনিয়র করেসপন্ডেন্ট মো. আবদুর রহমানও সম্মেলনে অংশ নেন। বাংলাদেশ থেকে আগত প্রতিনিধিদের মধ্যে অতীশ দীপঙ্কর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের জার্নালিজম ও মিডিয়া স্টাডিজ বিভাগের তিন প্রভাষক জুবায়ের আহমেদ (কো-অর্ডিনেটর), কেয়া বোস ও ফরহাদ আলমও ছিলেন।

কাঠমান্ডুতে আন্তর্জাতিক মাতৃভাষা সাংবাদিকতা সম্মেলন শেষ 2

চার দিনব্যাপী সম্মেলনে মাতৃভাষাভিত্তিক সাংবাদিকতার বিকাশ, ক্ষুদ্র নৃগোষ্ঠীর ভাষা ও সংস্কৃতি সংরক্ষণ, গণমাধ্যমে আদিবাসী ও স্থানীয় জনগোষ্ঠীর প্রতিনিধিত্ব এবং মাতৃভাষায় সংবাদ পরিবেশনের বিভিন্ন দিক নিয়ে আলোচনা হয়।

সম্মেলনে অংশ নেওয়া সাংবাদিক ও গবেষকেরা মাতৃভাষাভিত্তিক সাংবাদিকতার প্রসার এবং বিভিন্ন ভাষাভাষী জনগোষ্ঠীর অধিকার ও সংস্কৃতি সংরক্ষণে গণমাধ্যমের ভূমিকা আরও জোরদারের ওপর গুরুত্বারোপ করেন। পাশাপাশি স্থানীয় ভাষা ও সংস্কৃতির বিকাশে গণমাধ্যমকে আরও কার্যকর ভূমিকা রাখার আহ্বান জানানো হয়।

আপনার মন্তব্য লিখুন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশিত হবে না।