বাংলাদেশি প্রবাসীদের সচেতন করতে সংযুক্ত আরব আমিরাতের দুবাই পুলিশের উদ্যোগে দেইরায় সচেতনতামূলক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১৪ সেপ্টেম্বর) দুবাইয়ের দেইরায় অবস্থিত মার্কো পোলো হোটেলে বাংলাদেশি প্রবাসী কমিউনিটির জন্য এ সচেতনতামূলক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
দুবাই পুলিশের ‘ইতিবাচক চেতনা’ দলের আয়োজনে অনুষ্ঠিত অনুষ্ঠানে বাংলাদেশি প্রবাসীদের বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে সচেতন করা হয়। স্থানীয় আইন-কানুন মেনে চলা, সামাজিক দায়িত্ব পালন এবং নিরাপদ ও ইতিবাচক পরিবেশ বজায় রাখার ওপর গুরুত্ব দেওয়া হয়।
অনুষ্ঠানে প্রবাসীদের দায়িত্বশীল আচরণ, পারস্পরিক সহযোগিতা এবং সমাজের প্রতি ইতিবাচক ভূমিকা রাখার বিষয়েও আলোচনা করা হয়। পাশাপাশি বাংলাদেশি প্রবাসী কমিউনিটির সঙ্গে স্থানীয় কর্তৃপক্ষের পারস্পরিক যোগাযোগ ও সহযোগিতা আরও জোরদার করার ওপর গুরুত্বারোপ করা হয়।
দুবাইয়ে বসবাসরত বাংলাদেশি প্রবাসীদের জন্য পুলিশের উদ্যোগে আয়োজিত এ ধরনের সচেতনতামূলক অনুষ্ঠানকে গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে। এর মাধ্যমে প্রবাসীরা স্থানীয় আইন ও নিয়মকানুন সম্পর্কে আরও সচেতন হওয়ার পাশাপাশি কমিউনিটির সঙ্গে পুলিশের যোগাযোগ ও সহযোগিতা আরও শক্তিশালী হবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।


