চট্টগ্রাম জেলার চন্দনাইশে আগুনে পুড়ে ছাই হয়ে গেছে একটি বসতঘর। মঙ্গলবার (২১ মার্চ ) রাত ১২টার দিকে উপজেলার চন্দনাইশ পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের দক্ষিণ জোয়ারা জিহস ফকির পাড়া এলাকার মো. ফজল করিমের বাড়িতে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
চন্দনাইশ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের ভারপ্রাপ্ত স্টেশন অফিসার মো. আবুল মনসুর চৌধুরী বলেন, অগ্নিকাণ্ডের খবর পেয়ে ঘটনাস্থলে দ্রুত উপস্থিত হয় ফায়ার সাভিসের একটি ইউনিট। ফায়ার সার্ভিস ও স্থানীয়দের ১ ঘন্টার প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। অগ্নিকাণ্ডের ঘটনায় বসতঘরটির ৬টি কক্ষ পুড়ে ছাই হয়ে গেছে। আসবাবপত্র, নগদ অর্থ ও স্বর্ণালঙ্কারেরও ক্ষয়ক্ষতি হয়েছে। তবে আগুন লাগার সময়ে বাড়িতে কেউ না থাকায় কোন হতাহতের ঘটনা ঘটেনি।
তিনি আরও জানান, বৈদ্যুতিক শর্ট সার্কিটের মাধ্যমে আগুনের সূত্রপাত বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।


