আধুনিকায়নে ইস্টার্ন রিফাইনারির সক্ষমতা তিনগুণ, বছরে শোধন হবে ৪৫ লাখ টন তেল

0

দেশের জ্বালানি নিরাপত্তা জোরদার এবং পরিশোধিত জ্বালানি তেল আমদানিনির্ভরতা কমাতে ইস্টার্ন রিফাইনারির আধুনিকায়ন ও সম্প্রসারণ করা হচ্ছে। প্রকল্পটি বাস্তবায়িত হলে রিফাইনারিটির বার্ষিক তেল শোধন সক্ষমতা বর্তমানের ১৫ লাখ মেট্রিক টন থেকে তিনগুণ বেড়ে ৪৫ লাখ মেট্রিক টনে উন্নীত হবে।

এই প্রকল্পে ১ হাজার ৪ দশমিক ২৯ মিলিয়ন মার্কিন ডলার অর্থায়ন দেবে ইসলামিক ডেভেলপমেন্ট ব্যাংক (আইডিবি)। বাংলাদেশি মুদ্রায় যার পরিমাণ প্রায় ১২ হাজার কোটি টাকা।

‘মডার্নাইজেশন অ্যান্ড এক্সপ্যানশন অব ইস্টার্ন রিফাইনারি ইন বাংলাদেশ’ শীর্ষক প্রকল্পের অর্থায়ন চুক্তি গত ৩ সেপ্টেম্বর বাংলাদেশ সরকার ও আইডিবির মধ্যে স্বাক্ষরিত হয়। অর্থ মন্ত্রণালয় শনিবার এ তথ্য জানিয়েছে।

চুক্তিতে বাংলাদেশের পক্ষে অর্থনৈতিক সম্পর্ক বিভাগের অতিরিক্ত সচিব ড. মোহাম্মদ মিজানুর রহমান এবং আইডিবির পক্ষে কান্ট্রি প্রোগ্রামসের ডিরেক্টর জেনারেল আনাসে আইসামি স্বাক্ষর করেন।

অর্থনৈতিক সম্পর্ক বিভাগ জানিয়েছে, জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের আওতায় বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশন প্রকল্পটি বাস্তবায়ন করবে। বাংলাদেশে কোনো একক প্রকল্পে এটি আইডিবির সর্বোচ্চ বিনিয়োগ।

প্রকল্পটি বাস্তবায়িত হলে দেশে জ্বালানি তেলের সরবরাহ সক্ষমতা বাড়বে এবং জ্বালানি নিরাপত্তা আরও শক্তিশালী হবে বলে আশা করছে সরকার। একই সঙ্গে পরিবেশবান্ধব ইউরো-৫ মানসম্পন্ন পেট্রোলিয়াম পণ্য উৎপাদনের সুযোগ তৈরি হবে।

ইস্টার্ন রিফাইনারির সক্ষমতা বাড়লে পরিশোধিত জ্বালানি তেল আমদানির ওপর নির্ভরতা কমবে। এতে বৈদেশিক মুদ্রা সাশ্রয়ের পাশাপাশি দেশের জ্বালানি সরবরাহ ব্যবস্থায় আরও স্থিতিশীলতা আসবে বলে সংশ্লিষ্টরা আশা করছেন।

আইডিবি বাংলাদেশের অন্যতম প্রধান বহুপক্ষীয় উন্নয়ন সহযোগী। সংস্থাটি দীর্ঘদিন ধরে বাংলাদেশে অনুদান, প্রকল্প ঋণ, বাণিজ্য অর্থায়ন, বেসরকারি খাতের অর্থায়ন এবং রপ্তানি ঋণ গ্যারান্টিসহ বিভিন্ন ধরনের সহায়তা দিয়ে আসছে।

আপনার মন্তব্য লিখুন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশিত হবে না।