চট্টগ্রামের আনোয়ারা উপজেলার বৈরাগ ইউনিয়নের উত্তর গুয়াপঞ্চক শাহ আহমদ চৌধুরী ও শাহ বাড়ির পারিবারিক কবরস্থানের সড়ক উন্নয়ন কাজের উদ্বোধন করা হয়েছে। দীর্ঘদিন ধরে সংস্কারের অভাবে বেহাল অবস্থায় থাকা সড়কটির উন্নয়ন হওয়ায় স্বস্তি প্রকাশ করেছেন স্থানীয় বাসিন্দারা।
রোববার দুপুরে উপজেলা স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) তত্ত্বাবধানে নির্মিত আরসিসি সড়কের উদ্বোধন করা হয়।
স্থানীয়দের জানান, শতবর্ষী এ কবরস্থানের সড়কটি দীর্ঘদিন ধরে চলাচলের অনুপযোগী ছিল। বিশেষ করে বর্ষা মৌসুমে জানাজার জন্য মরদেহ বহন এবং কবর জিয়ারতে আসা মানুষকে চরম দুর্ভোগ পোহাতে হতো।
উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্থানীয় মো. জসিম উদ্দিন, শাকিল বিন ইসলাম, মো. খোরশেদ আলম, সাইফুদ্দিন রানা এবং ঠিকাদার মোহাম্মদ লিয়াকত আলীসহ গণ্যমান্য ব্যক্তিরা।
স্থানীয় বাসিন্দা ও সাংবাদিক মো. ইমরান হোসাইন বলেন, প্রায় ৫০০ পরিবারের ব্যবহৃত এই পারিবারিক কবরস্থানের সড়কটি দীর্ঘদিন ধরে চলাচলের অনুপযোগী ছিল। উপজেলা সড়ক উন্নয়ন প্রকল্পের আওতায় আরসিসি সড়ক নির্মাণ হওয়ায় এলাকাবাসীর দীর্ঘদিনের দুর্ভোগ দূর হয়েছে। এ জন্য তিনি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এবং সংশ্লিষ্ট সবার প্রতি কৃতজ্ঞতা জানান।


