বৃহত্তর সুন্নিজোট মনোনীত সংসদ সদস্য প্রার্থী মাওলানা এসএম শাহজাহানের নির্বাচনী কার্যালয়ে হামলা–ভাঙচুরের অভিযোগ উঠেছে। রোববার (১ ফেব্রুয়ারি) দিবাগত গভীর রাতে আনোয়ারা উপজেলার হাইলধর ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের খাসখামা গ্রামের মধ্যমপাড়া এলাকায় এ হামলা–ভাঙচুরের ঘটনা ঘটে।
দলীয় নেতাকর্মীদের অভিযোগ, পরিকল্পিতভাবে একদল দুর্বৃত্ত নির্বাচনী অফিসে ঢুকে আসবাবপত্র, চেয়ার-টেবিল ভাঙচুর করে এবং অফিসের ব্যানার, ফেস্টুন ছিঁড়ে ফেলে। এঘটনায় সোমবার (২ ফেব্রুয়ারি) দুপুরে ইসলামি ফ্রন্টের নির্বাচন পরিচালনা কমিটির সচিব মো. নাজিমুদ্দীন আনোয়ারা থানায় একটি লিখিত অভিযোগ দায়েরের প্রস্তুতি নিচ্ছেন বলে জানান।
দলীয় সূত্র জানায়, গত শনিবার (৩১ জানুয়ারি) প্রার্থী এসএম শাহজাহান নিজে উপস্থিত থেকে নির্বাচনী অফিসটির আনুষ্ঠানিক উদ্বোধন করেন। উদ্বোধনের তিনদিনের মাথায় এই হামলার ঘটনাকে নির্বাচন সংশ্লিষ্ট মহল ‘উদ্বেগজনক ও অশনিসংকেত’ হিসেবে দেখছেন।
খাসখামা ওয়ার্ডের ছাত্রসেনার সভাপতি মোহাম্মদ শরফুদ্দিন কাদেরী বলেন, ‘গত এক সপ্তাহে আগে কার্যালয়টি উদ্বোধন করা হয়। গতকাল রাতেও দলীয় নেতাকর্মীদের নিয়ে অফিসে নির্বাচনী আলোচনা হয়। সকালে এসে দেখি কার্যালয়ের চেয়ার সব ভেঙে ফেলছে এবং ব্যানার পোস্টারও ছিঁড়ে ফেলছে। নির্বাচনী মাঠে ইসলামি ফ্রন্টের জনপ্রিয়তা দেখে একটি মহল পরিকল্পিতভাবে ভীতিকর পরিবেশ তৈরির চেষ্টা করছে। এই হামলা তারই অংশ।’
বৃহত্তর সুন্নিজোটের নির্বাচন পরিচালনা কমিটির সচিব মো. নাজিমুদ্দীন বলেন, ‘কার্যালয় হামলার ঘটনায় আমরা প্রশাসনকে বিষয়টি অবগত করেছি। দুপুরে যৌথবাহিনীর একটি দল ঘটনাস্থল পরিদর্শন করে গেছেন। এঘটনা সুষ্ঠুভাবে তদন্তের মাধ্যমে দোষীদের বিচারের আওতায় আনার দাবি জানাচ্ছি।’
সোমবার দুপুরে নির্বাচনী কার্যালয়ে হামলা–ভাঙচুরের প্রতিবাদে ইসলামি ফ্রন্ট ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা তাৎক্ষণিক বিক্ষোভ মিছিল বের করেন। মিছিল থেকে হামলাকারীদের দ্রুত শনাক্ত করে গ্রেপ্তার এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।
আনোয়ারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জুনায়েত চৌধুরী বলেন, ‘নির্বাচনী কার্যালয় ভাঙচুরের বিষয়টি গুরুতর সহকারে খতিয়ে দেখা হচ্ছে। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হচ্ছে।’



মন্তব্য নেওয়া বন্ধ।