সংযুক্ত আরব আমিরাতে আঞ্চলিক অস্থিরতার কারণে ক্ষতিগ্রস্ত বিদেশিদের জন্য ৩০ দিনের বিশেষ গ্রেস পিরিয়ড ঘোষণা করেছে দেশটির ফেডারেল অথরিটি ফর আইডেন্টিটি, সিটিজেনশিপ, কাস্টমস অ্যান্ড পোর্ট সিকিউরিটি (আইসিপি)।
কর্তৃপক্ষ জানিয়েছে, ১০ জুন থেকে ৯ জুলাই ২০২৬ পর্যন্ত এই সুবিধা কার্যকর থাকবে। এ সময়ের মধ্যে ক্ষতিগ্রস্ত ব্যক্তিরা কোনো জরিমানা ছাড়াই নিজেদের ভিসা বা আবাসিক অবস্থার বৈধতা সংশোধন করতে পারবেন অথবা দেশ ত্যাগ করতে পারবেন।
এই সুবিধা তাদের জন্য প্রযোজ্য, যারা আঞ্চলিক ব্যতিক্রমী পরিস্থিতি, আকাশপথ বন্ধ থাকা বা ফ্লাইট স্থগিত হওয়ার কারণে নির্ধারিত সময়ে দেশ ছাড়তে না পেরে অতিরিক্ত অবস্থানের জরিমানার মুখোমুখি হয়েছিলেন।
আইসিপি জানায়, সংযুক্ত আরব আমিরাতের আইন ও বিধিবিধানের প্রতি আনুগত্য নিশ্চিত করার পাশাপাশি ক্ষতিগ্রস্তদের বৈধভাবে দেশটিতে বসবাস ও কাজ চালিয়ে যাওয়ার সুযোগ দিতেই এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
কর্তৃপক্ষ আরও উল্লেখ করেছে, জরুরি ও ব্যতিক্রমী পরিস্থিতিতে ভ্রমণকারী ও দর্শনার্থীদের সহায়তা করা দেশটির মানবিক নীতির অংশ। তবে বর্তমানে অঞ্চলে স্থিতিশীলতা ফিরে আসায় জরিমানা মওকুফের প্রয়োজনীয়তা আর আগের মতো নেই।
যারা আমিরাতে থাকতে চান, তারা গ্রেস পিরিয়ড চলাকালে তাদের আবাসিক বা কর্মসংস্থানের অবস্থা নিয়ম অনুযায়ী সমন্বয় করতে পারবেন। অন্যদিকে দেশ ত্যাগে আগ্রহীরা প্রচলিত প্রক্রিয়া অনুসরণ করে সরাসরি প্রস্থান করতে পারবেন। এ জন্য কোনো অতিরিক্ত প্রাথমিক পদক্ষেপ নেওয়ার প্রয়োজন হবে না।
উল্লেখ্য, গত মার্চে আইসিপি ভিসাধারী, এক্সিট পারমিটধারী এবং ভিসা বাতিল হওয়া বাসিন্দাদের অতিরিক্ত অবস্থানের জরিমানা মওকুফ করেছিল। ২৮ ফেব্রুয়ারি ২০২৬ থেকে আকাশপথ বন্ধ ও ফ্লাইট স্থগিত থাকায় তারা নির্ধারিত সময়ে দেশ ছাড়তে পারেননি। ক্ষতিগ্রস্তদের আর্থিক চাপ কমাতেই সে সময় এ বিশেষ সুবিধা দেওয়া হয়েছিল।


