এক দিনে ৬ হাজার গাছ রোপণের উদ্যোগ উপজেলা প্রশাসনের

0

চট্টগ্রামের কর্ণফুলীতে এক দিনে ৬ হাজার গাছ রোপণের উদ্যোগ নিয়েছে উপজেলা প্রশাসন। পরিবেশের ভারসাম্য রক্ষা ও সবুজায়ন বাড়াতে ফলজ, বনজ, ঔষধি ও সৌন্দর্যবর্ধক গাছের চারা রোপণের এ উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. রিদুয়ানুল ইসলাম।

মঙ্গলবার (২৭ অক্টোবর) সকালে উপজেলার পাঁচটি ইউনিয়নে একযোগে এসব চারা রোপণ করা হবে।সোমবার (২৬ অক্টোবর) বিকেলে উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত মতবিনিময় সভায় এ তথ্য জানান ইউএনও।

সভায় উপস্থিত ছিলেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এসএম আমিরুল মোস্তফা, উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. ছবুর আলী, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা কৌশিক চাকমা, যুব উন্নয়ন কর্মকর্তা মো. জাহান উদ্দিন, দক্ষিণ জেলা ছাত্রদলের সদস্য সচিব ও উপজেলা ক্রীড়া সংস্থার সদস্য সচিব কামরুদ্দিন সবুজ।

প্রশাসন সূত্র জানায়, চট্টগ্রাম জেলা প্রশাসনের উদ্যোগে জেলার ১৬টি উপজেলায় একদিনে এক লাখ গাছের চারা রোপণের কর্মসূচি নেওয়া হয়েছে। এ কর্মসূচির অংশ হিসেবে কর্ণফুলীতে সাড়ে ছয় হাজার চারা রোপণের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। মঙ্গলবার সকাল সাড়ে ১০টায় উপজেলা পরিষদ প্রাঙ্গণে কর্মসূচির উদ্বোধন করবেন স্থানীয় সংসদ সদস্য সরওয়ার জামাল নিজাম এমপি। উদ্বোধনেরপর উপজেলার পাঁচটি ইউনিয়নে একযোগে চারা রোপণ করা হবে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. রিদুয়ানুল ইসলাম বলেন, ‘বৃক্ষরোপণে সাজাই দেশ, সবার আগে বাংলাদেশ’ স্লোগানে এক দিনে লক্ষ বৃক্ষ, সবুজ পরিবেশ আমাদের লক্ষ্য প্রত্যয়ে এ কর্মসূচি বাস্তবায়ন করা হচ্ছে। পরিবেশের ভারসাম্য রক্ষা, সবুজায়ন বৃদ্ধি ও ভবিষ্যৎ প্রজন্মের জন্য বাসযোগ্য পরিবেশ গড়ে তোলাই এ উদ্যোগের মূল লক্ষ্য।’

তিনি বলেন, শুধু চারা রোপণ করলেই হবে না, সেগুলো যাতে বেড়ে উঠতে পারে, সে জন্য নিয়মিত পরিচর্যা ও সংরক্ষণ নিশ্চিত করতে হবে। এ কর্মসূচিতে আম, কাঁঠাল, পেয়ারা, আমড়া, মেহগনি, গর্জন, আমলকী, হরীতকী, জারুল ও বকুলসহ বিভিন্ন প্রজাতির চারা রোপণ করা হবে।

আপনার মন্তব্য লিখুন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশিত হবে না।