কাগজে গাড়ির যন্ত্রাংশ, কন্টেইনারে মিলল আস্ত বিএমডব্লিউ-ট্রাক

0

চট্টগ্রাম বন্দরে ব্যবহৃত গাড়ির যন্ত্রাংশ ঘোষণায় আমদানি করা একটি কন্টেইনারে মিলেছে একটি সম্পূর্ণ বিএমডব্লিউ স্পোর্টস কার, আরেকটি বিএমডব্লিউ সেডানের সামনের অংশ এবং পাঁচটি হাফ-কাট ট্রাক।

কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের তথ্যের ভিত্তিতে মঙ্গলবার (৬ অক্টোবর) কন্টেইনারটির কায়িক পরীক্ষা করা হয়। হালিশহরের আমদানিকারক প্রতিষ্ঠান ‘এম/এস আয়াজ অটো ইন্টারন্যাশনাল’ সংযুক্ত আরব আমিরাত থেকে চালানটি আমদানি করে।

কাস্টমস নথিতে বিভিন্ন ব্যবহৃত গাড়ির যন্ত্রাংশ থাকার কথা বলা হলেও পরীক্ষায় পাওয়া যায় ২০০৯ মডেলের প্রায় ২ হাজার ৫০০ সিসির বিএমডব্লিউ এস-ড্রাইভ ২৩আই স্পোর্টস কার। একই সঙ্গে ২০১৬ সালের প্রায় ৩ হাজার সিসির বিএমডব্লিউ ৭৪০আই সেডানের সামনের অংশ এবং ইসুজু ব্র্যান্ডের পাঁচটি হাফ-কাট ট্রাক পাওয়া যায়।

কাস্টমস কর্মকর্তাদের ধারণা, গাড়ির অংশ আলাদা করে একাধিক চালানে এনে পরে দেশে জোড়া লাগানোর মাধ্যমে প্রকৃত পণ্য ও মূল্য গোপন করে শুল্ক-কর ফাঁকির চেষ্টা করা হয়ে থাকতে পারে।

ঘটনার পর উদ্ধার করা গাড়ি ও অংশগুলোর ইঞ্জিন ও চ্যাসিস নম্বর যাচাই এবং প্রকৃত শুল্ক মূল্য নির্ধারণের কাজ চলছে। মিথ্যা ঘোষণায় পণ্য আমদানির অভিযোগে আমদানিকারক ও সংশ্লিষ্ট সিঅ্যান্ডএফ প্রতিষ্ঠানের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে।

আপনার মন্তব্য লিখুন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশিত হবে না।