খাগড়াছড়ির পানছড়িতে ইউপিডিএফ গণতান্ত্রিকের এক সদস্যকে গুলি করে হত্যা করা হয়েছে।
বৃহস্পতিরার ভোর ৬টার দিকে পানছড়ির ইসলামপুর এলাকায় এ ঘটনা ঘটে বলে জানিয়েছেন পানছড়ি থানার ওসি মো. ফেরদৌস ওয়াহিদ।
নিহত মো. ইমন হোসেন (২৫) পানছড়ির মোহাম্মদপুরের রুহুল আমিনের ছেলে।
ইউপিডিএফ গণতান্ত্রিকের সংগঠক অমর চাকমা বলেন, নিহত ইমন হোসেন আমাদের দলের সহযোগী সদস্য। নিরাপত্তাজনিত কারণে তিনি বাড়িতে অবস্থান করতেন না। তবে বুধবার রাতে তিনি তার অন্তঃসত্ত্বা স্ত্রীকে দেখতে বাড়িতে যান।
সকালে বের হয়ে ঘরের সামনে হাঁটাহাঁটি করার সময়, ইউপিডিএফের (প্রসিত) সশস্ত্র সন্ত্রাসীরা তাকে লক্ষ্য করে গুলি করে। এ সময় ঘটনাস্থলেই ইমনের মৃত্যু হয়।
তবে এ নিয়ে ইউপিডিএফ দলের কোনো বক্তব্য পাওয়া যায়নি। ইউপিডিএফের মুখপাত্র অংগ্য মারমার সঙ্গে যোগাযোগের চেষ্টা করলেও তার ব্যবহৃত মোবাইল নম্বরটি বন্ধ পাওয়া যায়।
ওসি ফেরদৌস ওয়াহিদ বলেন, খবর পেয়ে নিহত ইমন হোসেনের মরদেহ উদ্ধার করা হয়েছে। নিহতের লাশ ময়নাতদন্তের জন্য খাগড়াছড়ি সদর হাসপাতালে পাঠানো হবে।
এই ঘটনার তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও জানান ওসি।


