খাগড়াছড়ির গুইমারা রিজিয়নের আওতাধীন ১৮ ফিল্ড রেজিমেন্ট আর্টিলারির মাটিরাঙ্গা জোনের নিয়মিত আর্থ-সামাজিক ও উন্নয়ন কার্যক্রমের অংশ হিসেবে মেডিক্যাল ক্যাম্পেইন পরিচালনা করেছে সেনাবাহিনী।
বুধবার (৬ মে) সকালে উপজেলার তাইন্দং এলাকার দুর্গম সুধীল রঞ্জন হেডম্যান পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এ বিশেষ মেডিক্যাল ক্যাম্প অনুষ্ঠিত হয়। এতে স্থানীয় প্রায় দুই শতাধিক পাহাড়ি ও বাঙালি রোগীকে বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান করা হয়।
ক্যাম্পে গুইমারা রিজিয়নের মেডিসিন বিশেষজ্ঞ মেজর ইকরামুল আমিন এফসিপিএস, মেডিকেল অফিসার ক্যাপ্টেন সাদিয়া আফরিন এবং মাটিরাঙ্গা জোনের মেডিকেল অফিসার ক্যাপ্টেন নুরে রেজওয়ান তৌফিক রিজভী রোগীদের চিকিৎসা সেবা প্রদান করেন। একই সঙ্গে বিনামূল্যে প্রয়োজনীয় ওষুধ বিতরণ করা হয়।
এছাড়া স্কুলপড়ুয়া শিশুদের মাঝে শিক্ষা সামগ্রী ও খেলনা বিতরণ করা হয়।
ক্যাম্প পরিদর্শনকালে উপকারভোগীদের সঙ্গে কুশল বিনিময় করেন মাটিরাঙ্গা জোন অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মাসুদ খান। তিনি বলেন, পাহাড়ে বসবাসরত পাহাড়ি ও বাঙালি জনগোষ্ঠীর মধ্যে সৌহার্দ্যপূর্ণ সহাবস্থান সত্যিই প্রশংসনীয়। মানবিক সেবায় সেনাবাহিনীর এ ধরনের কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
এসময় মাটিরাঙ্গা জোনের (ভারপ্রাপ্ত) জেডএসও মেজর সামিউল হক, ক্যাম্প কমান্ডার মেজর হাসনাইন জালালী, ক্যাপ্টেন ইয়ামিম ইসলামসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।


