চট্টগ্রাম নগরের খুলশী থানার ওয়্যারলেস কলোনি এলাকায় বাসা থেকে ডেকে নিয়ে মোহাম্মদ হৃদয় (১৬) নামে এক কিশোরকে ছুরিকাঘাতে হত্যা করা হয়েছে। মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) রাত ১২টার দিকে এ ঘটনা ঘটে। এ ঘটনায় স্থানীয় একটি কিশোর গ্যাংয়ের পাঁচ সদস্যকে আটক করেছে পুলিশ।
পুলিশ জানায়, কয়েক দিন আগে গ্যাংয়ের কয়েকজনের সঙ্গে হৃদয়ের বিরোধ হয়। এর জেরে রাতে তাকে বাসা থেকে ডেকে বাইরে নেওয়া হয়। পরে ছুরিকাঘাতে গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
হৃদয় ওয়্যারলেস কলোনি বাজার এলাকায় ভ্যানে সবজি বিক্রি করত। পুলিশ জানিয়েছে, হত্যাকাণ্ডের ঘটনায় আটক পাঁচজনকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে এবং ঘটনার সঙ্গে আরও কেউ জড়িত কি না, তা খতিয়ে দেখা হচ্ছে।
খুলশী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুর রহিম বলেন, বাসা থেকে ডেকে নিয়ে কিশোরটিকে হত্যা করা হয়েছে। ঘটনার প্রকৃত কারণ উদ্ঘাটনে তদন্ত চলছে।


