চট্টগ্রাম নগরীর মধ্যম হালিশহর এলাকায় পারিবারিক কলহের জেরে সানজু বেগম (৪০) নামে এক গৃহবধূকে ছুরিকাঘাতে হত্যার অভিযোগ উঠেছে তার স্বামী মোহাম্মদ জাবেদের বিরুদ্ধে। বুধবার (৩০ সেপ্টেম্বর) সকাল ৯টার দিকে আদর্শপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
পুলিশ ও নিহতের স্বজনদের সূত্রে জানা যায়, সকালে পারিবারিক বিষয় নিয়ে সানজু ও জাবেদের মধ্যে বাগ্বিতণ্ডা হয়। একপর্যায়ে জাবেদ তাকে ছুরিকাঘাত করেন বলে অভিযোগ করা হয়েছে।
ঘটনার খবর পেয়ে নিহতের ভাই আকামাম ঘটনাস্থলে গিয়ে গুরুতর আহত সানজুকে উদ্ধার করেন। চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।
ঘটনার প্রায় দুই ঘণ্টার মধ্যে রক্তমাখা ছুরিসহ জাবেদকে আটক করে এসআরবি-৭। বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রহিম জানান, এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।


