চট্টগ্রাম নগরীর সুবিধাবঞ্চিত জনগোষ্ঠীর মধ্যে পানি সরবরাহ সেবার মান বাড়াতে নতুন সরকারি-বেসরকারি অংশীদারত্ব (পিপিপি) মডেল চালুর উদ্যোগ নেওয়া হয়েছে। এ লক্ষ্যে চট্টগ্রাম ওয়াসার সঙ্গে যৌথভাবে কাজ করবে ম্যাক্স ফাউন্ডেশন ও ম্যাক্স সোস্যাল এন্টারপ্রাইজ।
এ বিষয়ে শুক্রবার নগরীর একটি হোটেলে চট্টগ্রাম ওয়াসা, ম্যাক্স ফাউন্ডেশন ও ম্যাক্স সোস্যাল এন্টারপ্রাইজের মধ্যে তিন বছর মেয়াদি একটি সমঝোতা স্মারক (এমওইউ) সই হয়েছে। নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে এতে সই করেন চট্টগ্রাম ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী সেলিম মো. জানে আলম, ম্যাক্স ফাউন্ডেশন বাংলাদেশের কান্ট্রি ডিরেক্টর ড. এটিএম তরিকুল ইসলাম এবং ম্যাক্স সোস্যাল এন্টারপ্রাইজের ব্যবস্থাপনা পরিচালক ইয়ামিন ফারুক।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী।
সমঝোতা স্মারকের আওতায় চট্টগ্রাম সিটি করপোরেশন এলাকার জন্য একটি উদ্ভাবনী সরকারি-বেসরকারি পানি সরবরাহ মডেল অনুসন্ধান ও পরীক্ষামূলকভাবে বাস্তবায়ন করা হবে। নগরীর ঘনবসতিপূর্ণ ৪০ ও ৪১ নম্বর ওয়ার্ডকে এ উদ্যোগের পাইলট এলাকা হিসেবে নির্ধারণ করা হয়েছে। দুটি ওয়ার্ডই অর্থমন্ত্রীর সংসদীয় এলাকার অন্তর্ভুক্ত। বর্তমানে এসব এলাকায় ওয়াসার পানি সরবরাহ চাহিদার মাত্র ২০ থেকে ৩০ শতাংশ পূরণ করে।
অনুষ্ঠানে অর্থমন্ত্রী বলেন, জনগণের কাছে সুপেয় ও নিরাপদ পানি পৌঁছে দেওয়া সরকারের শুধু সেবা নয়, দায়িত্ব। তবে সরকারের একার পক্ষে সবসময় সব মানুষের পানির চাহিদা পূরণ করা কঠিন। এ কারণে পানি সরবরাহসহ বিভিন্ন সেবায় বেসরকারি প্রতিষ্ঠানকে সম্পৃক্ত করা হচ্ছে।
তিনি বলেন, সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানের মধ্যে সহযোগিতামূলক মনোভাব তৈরি হলে জনচাহিদা পূরণ এবং উন্নয়ন কর্মকাণ্ড আরও দ্রুত এগিয়ে নেওয়া সম্ভব।
নিজ সংসদীয় এলাকার দুটি ওয়ার্ডে পাইলট প্রকল্প নেওয়ায় চট্টগ্রাম ওয়াসা, ম্যাক্স ফাউন্ডেশন ও ম্যাক্স সোস্যাল এন্টারপ্রাইজকে ধন্যবাদ জানান তিনি। অর্থমন্ত্রী বলেন, এটি এ ধরনের প্রথম আনুষ্ঠানিক সহযোগিতা, যা দেশের পানি সরবরাহ খাতে নতুন একটি মানদণ্ডের সূচনা করেছে।
এ উদ্যোগে নেদারল্যান্ডস দূতাবাস আর্থিক ও কারিগরি সহায়তা দিচ্ছে। তবে সমঝোতা স্মারকে দূতাবাসটি কোনো পক্ষ হিসেবে স্বাক্ষর করেনি।
অনুষ্ঠানে নেদারল্যান্ডস দূতাবাসের ডেপুটি হেড অব মিশন এবং বাণিজ্য ও উন্নয়ন বিভাগের প্রধান ইয়ান ভ্যান ডার লিন্ডেন এবং ৪০ ও ৪১ নম্বর ওয়ার্ডের অধিবাসীদের পক্ষে ইসরাফিল খসরু বক্তব্য দেন।


