পুলিশের ওপর হামলা করে গোপন সুড়ঙ্গে পালালো সন্ত্রাসী ‘বগা’

0

চট্টগ্রামের খুলশীতে পুলিশের তালিকাভুক্ত সন্ত্রাসী ওয়াকিব হোসেন ওরফে বগাকে গ্রেপ্তার করতে গিয়ে হামলার শিকার হয়েছে পুলিশ। এতে আহত হয়েছেন ওসিসহ ৪ পুলিশ সদস্য। ভাঙচুর করা হয়েছে ওসির গাড়িও। শুক্রবার (৪ সেপ্টেম্বর) ভোর চারটার দিকে খুলশীর ওয়্যারলেস মোড় ও পাহাড়তলি এলাকায় এ ঘটনা ঘটে।

পুলিশ জানায়, শুক্রবার ভোররাত ৪টার দিকে ওয়াকিব হোসেনকে গ্রেপ্তারে অভিযান চালায় খুলশী থানা পুলিশ। পুলিশ ঘটনাস্থলে পৌঁছানোর পর তার অনুসারীরা রাস্তায় ব্যারিকেড তৈরি করে।

একপর্যায়ে পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল, বোতল ও ককটেলসদৃশ বিস্ফোরক নিক্ষেপ করে।হামলায় খুলশী থানার ওসির সরকারি গাড়িটি ভাঙচুর করা হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ আত্মরক্ষার্থে তিন থেকে চারটি সাউন্ড গ্রেনেড ও রাবার বুলেট ছোড়ে।

এ সময় ওসিসহ কয়েকজন পুলিশ সদস্য আহত হন। পরে আহতদের প্রাথমিক চিকিৎসা দেয়া হয়। হামলার পর বিভিন্ন গলি ও ওয়াকিল হোসেনের বাসভবনে সাঁড়াশি অভিযান শুরু হয়।

খুলশী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আবদুর রহিম বলেন, কলেজশিক্ষক পেটানোর ঘটনায় নিয়মিত মামলা হওয়ার পর আসামির বিরুদ্ধে থাকা অস্ত্র মামলার ওয়ারেন্ট ও অন্যান্য অপরাধের ভিত্তিতে পুলিশ অভিযানে যায়। কিন্তু আসামিরা পূর্বপরিকল্পিতভাবে রাস্তায় ব্যারিকেড দিয়ে পুলিশের ওপর অতর্কিত হামলা চালায় এবং সরকারি গাড়ি ভাঙচুর করে।

তিনি জানান, হামলায় তার নিজের হাতসহ ৫-৬ জন পুলিশ সদস্য আহত হয়েছেন। বর্তমানে এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে এবং অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। হামলাকারীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া অব্যাহত রয়েছে এবং ওয়াকিল হোসেনসহ অন্যদের গ্রেপ্তারে অভিযান চলছে।

প্রসঙ্গত, চট্টগ্রাম মহানগর স্বেচ্ছাসেবক দলের সাবেক যুগ্ম আহ্বায়ক ওয়াকিল হোসেন ওরফে বগা দীর্ঘ দিন ধরে খুলশী, পাহাড়তলী ও আকবর শাহ এলাকায় অপরাধমূলক কর্মকাণ্ড চালিয়ে আসছেন। চাঁদাবাজি, মাদক ব্যবসা, দখলবাজি এবং বিস্ফোরক আইনের মামলাসহ তার বিরুদ্ধে বিভিন্ন থানায় অন্তত ১৭টি মামলা রয়েছে। গত ৮ জুন শৃঙ্খলা পরিপন্থী কর্মকাণ্ড ও আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনায় তাকে দলীয় পদ থেকে বহিষ্কার করে কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দল।

সর্বশেষ গত রোববার (৩০ আগস্ট) পাহাড়তলী ডিগ্রি কলেজের প্রভাষক মিজানুর রহমানকে তুলে নিয়ে নির্যাতন এবং অধ্যক্ষকে ভিডিও কলে রেখে হুমকি দেওয়ার ঘটনায় তার বিরুদ্ধে থানায় নিয়মিত মামলা দায়ের করা হয়।

আপনার মন্তব্য লিখুন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশিত হবে না।