লং মার্চ ঘিরে চট্টগ্রামে বড় জমায়েতের প্রস্তুতি, সরকারের বিরুদ্ধে এনসিপির অভিযোগ

0

জনগণের ন্যায্য দাবি আদায় ও রাষ্ট্রীয় সংস্কারের লক্ষ্যে শনিবারের ‘ঢাকা-চট্টগ্রাম লং মার্চ’ সফল করতে ব্যাপক প্রস্তুতি নেওয়ার কথা জানিয়েছে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) চট্টগ্রাম মহানগর নেতারা। একই সঙ্গে কর্মসূচিকে ঘিরে সরকার নানা ধরনের বাধা দিচ্ছে বলেও অভিযোগ করেছেন তারা।

শুক্রবার (৪ সেপ্টেম্বর) চট্টগ্রামের চকবাজারে দলীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব কথা বলেন এনসিপির নেতারা।

সংবাদ সম্মেলনে মহানগর এনসিপির সদস্যসচিব আরিফ মঈনুদ্দিন বলেন, দেশে গ্যাস, সার ও বিদ্যুতের তীব্র সংকটে জনগণ চরম ভোগান্তিতে রয়েছে। কিন্তু সরকার এসব সমস্যার দিকে নজর না দিয়ে দলীয়করণে ব্যস্ত। জনগণকে সঙ্গে নিয়ে সরকারকে মোকাবিলা করা হবে এবং জনগণের সুবিধা-অসুবিধা বুঝতে সরকারকে বাধ্য করা হবে।

তিনি বলেন, শনিবার সকাল ৭টা থেকে লং মার্চ শুরু হবে। এ কর্মসূচি ঘিরে তাদের ব্যাপক প্রস্তুতি রয়েছে। পুরো লং মার্চের পথ জনসমুদ্রে পরিণত হবে বলে তারা আশা করছেন।

লং মার্চে অংশ নিতে আসা নেতাদের থাকার ব্যবস্থা নিয়েও অভিযোগ করেন আরিফ মঈনুদ্দিন। তিনি বলেন, চট্টগ্রাম সার্কিট হাউজে তাদের নেতাদের জন্য নির্ধারিত ভিআইপি কক্ষ দুটি দুই মন্ত্রীর নামে বুকিং দেখিয়ে তাদের থাকতে দেওয়া হচ্ছে না।

জুলাই গণঅভ্যুত্থানের আকাঙ্ক্ষা বাস্তবায়ন, জনগণের ন্যায্য দাবি আদায়, গণতান্ত্রিক পরিবেশ নিশ্চিত ও রাষ্ট্রীয় সংস্কারের দাবিতে ১১ দলীয় ঐক্যের উদ্যোগে এই লং মার্চ অনুষ্ঠিত হচ্ছে। কর্মসূচির সমাপনী হিসেবে শনিবার বিকেল সোয়া ৫টায় চট্টগ্রামের লালদিঘী মাঠে সমাবেশ হওয়ার কথা রয়েছে।

এনসিপির চট্টগ্রাম বিভাগীয় সাংগঠনিক সম্পাদক এস এম সুজাউদ্দিন বলেন, নতুন বাংলাদেশ বিনির্মাণে চট্টগ্রামের গুরুত্ব অপরিসীম। এ অঞ্চলের মানুষের ন্যায্য নাগরিক হিস্যা ও অধিকার নিশ্চিত করা জরুরি।

তিনি বলেন, জুলাই গণঅভ্যুত্থানের আকাঙ্ক্ষা বাস্তবায়ন, আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন এবং নাগরিকদের ন্যায্য অধিকার প্রতিষ্ঠায় বিরোধী দল হিসেবে তাদের করণীয় নিয়ে কেন্দ্রীয় নেতারা দীর্ঘদিন ধরে মাঠে সংগ্রাম করছেন। চট্টগ্রামের সমাবেশে তারা এসব বিষয়ে বক্তব্য দেবেন।

লালদিঘী মাঠের সমাবেশকে ঘিরে দক্ষিণাঞ্চলে বড় ধরনের জনসংযোগ তৈরি হবে বলেও আশা প্রকাশ করেন তিনি।

সংবাদ সম্মেলনে চট্টগ্রাম মহানগর এনসিপির আহ্বায়ক মীর মোহাম্মদ শোয়াইব, সিনিয়র যুগ্ম আহ্বায়ক জসিম উদ্দিন ওপেল ও শেখ মোহাম্মদ সাজ্জাদ, সাংগঠনিক সম্পাদক ইঞ্জিনিয়ার শাহেদ ইকবাল চৌধুরী এবং টিপু সুলতান উপস্থিত ছিলেন।

আপনার মন্তব্য লিখুন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশিত হবে না।