ধর্মীয় সম্প্রীতি, পারস্পরিক সৌহার্দ্য ও সহাবস্থান বজায় রেখে ফটিকছড়ি পৌরসভাকে সুন্দর জনপদ হিসেবে গড়ে তুলতে সবার সহযোগিতা কামনা করেছেন চট্টগ্রাম উত্তর জেলা যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক, ফটিকছড়ি উপজেলা বিএনপির সদস্য ও মেয়র পদপ্রার্থী মোহাম্মদ নুরু উদ্দীন নুরু।
রোববার (১৮ অক্টোবর) সন্ধ্যায় ফটিকছড়ি পৌরসভার বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শনকালে তিনি এ আহ্বান জানান।
নুরু উদ্দীন নুরু বলেন, যুবদলের কেন্দ্রীয় নির্দেশনা অনুযায়ী শারদীয় দুর্গোৎসবে পূজামণ্ডপের নিরাপত্তা নিশ্চিত করতে এবং শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে তারা পাহারাদার হিসেবে দায়িত্ব পালন করবেন। উৎসব নির্বিঘ্ন ও আনন্দমুখর করতে এবং সাম্প্রদায়িক সম্প্রীতি অটুট রাখতে সবাইকে নিজ নিজ অবস্থান থেকে ভূমিকা রাখার আহ্বান জানান তিনি।
পরিদর্শন কর্মসূচির শুরুতে তিনি রাঙ্গামাটিয়া পালপাড়া সার্বজনীন পূজামণ্ডপে যান। পরে দক্ষিণ রাঙ্গামাটিয়া কচুয়ারপাড়া পূজামণ্ডপ পরিদর্শন করেন। এ সময় দুস্থ মানুষের মধ্যে উপহারসামগ্রী বিতরণ করেন তিনি। পাশাপাশি পূজা উদযাপন পরিষদের সভাপতি ও সাধারণ সম্পাদকের হাতে আর্থিক অনুদান তুলে দেন।
এ সময় উপস্থিত ছিলেন ফটিকছড়ি পৌরসভার ৩ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি নজরুল ইসলাম, ৪ নম্বর ওয়ার্ড যুবদলের সভাপতি মিন্টু নাথ, সাধারণ সম্পাদক মহিন উদ্দিন, হিন্দু বৌদ্ধ কল্যাণফ্রন্টের সদস্য বাসু নাথ, মোহাম্মদ সাইফু উদ্দিন মানিক, যুবদল নেতা মোহাম্মদ বাহাদুর ও নুরুল আফছারসহ সনাতন ধর্মাবলম্বী নেতারা।


