চট্টগ্রামে এইচএসসি পরীক্ষার্থীদের বিক্ষোভ, ৩ দাবি

0

সব শিক্ষা বোর্ডের পরীক্ষা স্থগিত, পরীক্ষার প্রশ্নপত্রে ভুলের সঙ্গে জড়িত ব্যক্তিদের শাস্তিসহ তিন দাবিতে চট্টগ্রামে বিক্ষোভ করছেন এইচএসসি পরীক্ষার্থীরা। মঙ্গলবার বেলা ১১টায় নগরের মুরাদপুরে চট্টগ্রাম শিক্ষা বোর্ডের প্রধান ফটকের সামনে বিক্ষোভ শুরু করেন তারা। এ সময় সিডিএ অ্যাভিনিউ সড়কের এক পাশে যান চলাচল বন্ধ হয়ে যায়।

বিক্ষোভকারী শিক্ষার্থীরা বলেন, দেশের বিভিন্ন বন্যাকবলিত এলাকায় অনেক পরীক্ষার্থী পানি ও দুর্যোগের কারণে পরীক্ষাকেন্দ্রে পৌঁছাতে পারেননি। এমন পরিস্থিতিতে পরীক্ষার তারিখ পরিবর্তনের দাবি জানানো হলেও তা আমলে নেওয়া হয়নি। ফলে বাধ্য হয়ে তারা রাজপথে নেমেছেন। চট্টগ্রাম বোর্ডের পাশাপাশি সারা দেশে পরীক্ষা স্থগিত রাখার দাবি জানান তারা। দাবি মানা না হলে শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে আন্দোলন শুরু হবে বলেও কর্মসূচিতে জানান শিক্ষার্থীরা।

আন্দোলনে অংশ নেওয়া শিক্ষার্থী মো. ওমায়ের বলেন, আমাদের দাবিগুলো সুনির্দিষ্ট। আমরা শুধু এক বোর্ড নয়, সব বোর্ডের পরীক্ষা স্থগিত চাই। পরীক্ষার প্রশ্নে ভুলের সঙ্গে যারা জড়িত, তাদের শাস্তি চাই। বন্যার পানিতে অনেকের রেজিস্ট্রেশন কার্ড ও প্রবেশপত্র নষ্ট হয়েছে। সেগুলো দ্রুত নতুন করে দিতে হবে।

দুপুর সাড়ে ১২টার দিকে শিক্ষার্থীদের কয়েকজন শিক্ষা বোর্ডের ভেতরে প্রবেশ করেন। তাদের দাবিগুলো পূরণের বিষয়ে আশ্বাস দেন বোর্ডের সচিব মোহাম্মদ জহিরুল হক। তিনি সাংবাদিকদের বলেন, প্রশ্নপত্রে ভুলের সঙ্গে জড়িত ব্যক্তিদের বিষয়ে আন্তবোর্ড কমিটি সিদ্ধান্ত নেবে। বন্যায় ক্ষতিগ্রস্ত প্রবেশপত্রের বিষয়ে বোর্ডে এলে সঙ্গে সঙ্গে ব্যবস্থা নেওয়া হচ্ছে।

আপনার মন্তব্য লিখুন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশিত হবে না।