চট্টগ্রামের হালিশহরের আগ্রাবাদ এক্সেস রোডে ওয়াসার খনন কাজ করতে গিয়ে মাটিচাপায় রাকিব ও তুষার (২২) নামে দুই শ্রমিক নিহত হয়েছেন। এ ঘটনায় সাগর ও এরশাদ নামে আরও দুইজন আহত হয়েছেন।
বৃহস্পতিবার (২৩ এপ্রিল) ভোর ৫টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
চট্টগ্রাম মেডিকেল কলেজ (সিএমসি) হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই নুরুল আলম আশেক বলেন, চায়না হাইড্রো কোম্পানির অধীনে সুয়্যারেজ পাইপলাইনের চলমান মাটি খনন কাজের সময় হঠাৎ ধসেপড়া মাটিতে শ্রমিকরা চাপা পড়েন। পরে স্থানীয়রা চারজনকে উদ্ধার করে ভোর ৫টার দিকে হাসপাতালে নিয়ে আসেন। তবে কর্তব্যরত চিকিৎসক দুজনকে মৃত ঘোষণা করেন। আহত দুজন ক্যাজুয়ালিটি ওয়ার্ডে চিকিৎসাধীন আছেন।


