চট্টগ্রাম নগরীতে অস্বাস্থ্যকর ও নোংরা পরিবেশে ফুচকা তৈরি ও বিক্রির দায়ে তিনটি ফুচকা কারখানাকে মোট ৪৫ হাজার টাকা জরিমানা করেছে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের (চসিক) ভ্রাম্যমাণ আদালত।
বৃহস্পতিবার (১৪ মে) নগরীর এনায়েত বাজারের গোয়ালপাড়া এলাকায় পরিচালিত অভিযানে এই জরিমানা করা হয়। অভিযান পরিচালনা করেন চসিকের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট চৈতী সর্ববিদ্যা।
অভিযানে দেখা যায়, ভাঙা ফ্লোর ও অস্বাস্থ্যকর পরিবেশে নিম্নমানের আটা-ময়দার সঙ্গে কুড়া-ভুষি মিশিয়ে ফুচকা তৈরি করা হচ্ছিল।
এ ঘটনায় সাহেদ ফুচকা কারখানাকে ২০ হাজার টাকা, নুর নবী ফুচকা কারখানাকে ১৫ হাজার টাকা এবং ভাই ভাই ফুচকা কারখানাকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।
চসিক সূত্র জানায়, নগরবাসীর নিরাপদ খাদ্য নিশ্চিত করতে নিয়মিত ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হচ্ছে। জনস্বাস্থ্যের জন্য ক্ষতিকর খাদ্য উৎপাদন ও বিক্রির বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।


