চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলার এক পরিবারের চার ভাইয়ের একসঙ্গে মৃত্যুর খবরে পুরো এলাকায় নেমে এসেছে গভীর শোকের ছায়া। প্রবাসজীবনের স্বপ্ন নিয়ে ওমানে থাকা চার ভাইয়ের নিথর দেহ গাড়ির ভেতর থেকে উদ্ধারের ঘটনায় থমকে গেছে স্বজন ও প্রতিবেশীদের জীবন।
নিহতরা হলেন— মো. রাশেদ, মো. শাহেদ, মো. সিরাজ ও মো. শহিদ। তারা উপজেলার লালানগর ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের বন্দারবাজার পাড়া এলাকার মরহুম আব্দুল মজিদের সন্তান।
পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, পাঁচ ভাইয়ের মধ্যে চারজনই দীর্ঘদিন ধরে ওমানে কর্মরত ছিলেন। দুই ভাই অবিবাহিত ছিলেন এবং আগামী শুক্রবার তাদের দেশে ফেরার কথা ছিল। ফেরার আগে শেষ কেনাকাটার উদ্দেশ্যে তারা বের হয়েছিলেন। কিন্তু সেই আনন্দঘন প্রস্তুতিই শেষ পর্যন্ত পরিণত হয় শোকে।
মৃত্যুর খবর গ্রামে পৌঁছানোর পর থেকেই স্বজনদের আহাজারিতে ভারী হয়ে ওঠে পরিবেশ। প্রতিবেশীরা জানান, একই পরিবারের চারজন সন্তানের এমন পরিণতি কেউ মেনে নিতে পারছেন না। পুরো গ্রামজুড়ে চলছে শোকের আবহ।
স্থানীয় ইউপি সদস্য আমির হোসেন সুমন বলেন, “চার ভাইয়ের মধ্যে দুই ভাইয়ের একদিন পরই দেশে ফেরার কথা ছিল। এখন চারজনই লাশ হয়ে ফিরবেন—এটা কল্পনাও করা যায় না।”
প্রাথমিকভাবে ওমান পুলিশ ধারণা করছে, গাড়িতে দীর্ঘ সময় অবস্থানের কারণে এসি থেকে নির্গত বিষাক্ত গ্যাসে শ্বাসরোধ হয়ে তাদের মৃত্যু হতে পারে। তবে ঘটনার প্রকৃত কারণ জানতে তদন্ত চলছে।
রাঙ্গুনিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা নাজমুল হাসান বলেন, বিষয়টি তিনি সামাজিক যোগাযোগমাধ্যমে জেনেছেন এবং পরিবারকে প্রশাসনিক সহায়তা দেওয়া হবে।
এই হৃদয়বিদারক ঘটনায় রাঙ্গুনিয়ার লালানগর এলাকায় এখন শুধুই শোক, নিস্তব্ধতা আর কান্নার আবহ।


