চট্টগ্রামের ঐতিহাসিক লালদীঘি ময়দানে জব্বারের বলীখেলা উপলক্ষ্যে দুই দিনব্যাপী বৈশাখী মেলা শুরু হয়েছে। আগামীকাল শনিবার (২৫ এপ্রিল) ১১৭তম জব্বারের বলীখেলা অনুষ্ঠিত হবে, আর তার আগের দিন থেকেই মেলায় জমে উঠেছে বাণিজ্যিক ও সাংস্কৃতিক আয়োজন।
শুক্রবার (২৪ এপ্রিল) মেলার প্রথম দিনে লালদীঘি ও আশপাশের আন্দরকিল্লা, কোতোয়ালি মোড়, জেল রোড এবং কে সি দে রোড এলাকায় দোকানিরা সারি সারি দোকান বসিয়েছেন। প্রায় দুই কিলোমিটারজুড়ে বিস্তৃত এই মেলায় মৃৎশিল্প, বাঁশ ও বেতের তৈরি আসবাবপত্র, খেলনা, হাতপাখা, পলো, কুলো, ডালা, গৃহস্থালি সামগ্রীসহ নানা ধরনের পণ্যের পসরা সাজানো হয়েছে। পাশাপাশি মুড়ি-মুড়কি, শীতল পাটি ও অন্যান্য ঐতিহ্যবাহী খাবারও বিক্রি হচ্ছে।
দোকানিরা জানান, মেলা দুই দিন হলেও প্রস্তুতি শুরু হয় আরও কয়েকদিন আগে থেকেই। দেশের বিভিন্ন প্রান্ত থেকে ব্যবসায়ীরা পণ্য নিয়ে এসে এখানে দোকান সাজান। ক্রেতাদের ভিড় বাড়ার আগেই অনেকে প্রয়োজনীয় কেনাকাটা সেরে নিচ্ছেন।
স্থানীয় দর্শনার্থীরাও জানান, এই মেলা চট্টগ্রামের ঐতিহ্যের অংশ হয়ে গেছে। সারা বছর তারা এই আয়োজনের জন্য অপেক্ষা করেন এবং এখান থেকেই প্রয়োজনীয় গৃহস্থালি ও ঐতিহ্যবাহী পণ্য সংগ্রহ করেন।
আয়োজক কমিটির তথ্য অনুযায়ী, এবারের বলীখেলায় দেশের বিভিন্ন অঞ্চল থেকে ১০৮ জন প্রতিযোগী অংশ নেবেন। উদ্বোধন করবেন চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ কমিশনার এবং বিজয়ীদের পুরস্কার বিতরণ করবেন সিটি মেয়র। নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশের পক্ষ থেকে ওয়াচ টাওয়ারসহ বিশেষ ব্যবস্থা নেওয়া হয়েছে।
মেলার আয়োজক কমিটির সাধারণ সম্পাদক শওকত আনোয়ার বাদল বলেন, ২৬ এপ্রিল এসএসসি পরীক্ষা থাকায় সেদিন ভোরের মধ্যেই মেলা শেষ করার নির্দেশনা দেওয়া হয়েছে।


