সমুদ্রবন্দরের কড়াকড়ি এড়াতে ডাকঘরকে ব্যবহার করে আমদানি নিষিদ্ধ পণ্য দেশে আনার চেষ্টা করেছে একটি চক্র। দুবাই থেকে পাঠানো রং ফর্সাকারী ক্রিম ও ই-সিগারেটের লিকুইডের একটি চালান জব্দ করেছে কাস্টম হাউস চট্টগ্রাম। জব্দ পণ্যের বাজারমূল্য কোটি টাকার বেশি।
সোমবার (১২ অক্টোবর) দুপুরে চট্টগ্রাম নগরের ফকিরহাট-সংলগ্ন একটি ডাকঘরে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে এসব পণ্য জব্দ করা হয়। চট্টগ্রাম কাস্টম হাউসের সহকারী কমিশনার শরীফ মোহাম্মদ আল আমিন এ তথ্য নিশ্চিত করেছেন।
কাস্টমস সূত্র জানায়, দুবাই থেকে পাঠানো চালানটি প্রথমে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আসে। পরে রেলপথে চট্টগ্রামে আনা হয়। এরপর ডাক বিভাগের গাড়িতে করে চালানটি চট্টগ্রাম বন্দরের ৩ নম্বর ফটক-সংলগ্ন ডাকঘরে নেওয়া হয়। গোপন সংবাদের ভিত্তিতে সেখানে অভিযান চালিয়ে চালানটি আটক করা হয়।
জব্দ করা পণ্যের মধ্যে ২৯টি কার্টনে ছিল ১৯ হাজার ৬৯১ পিস আমদানি নিষিদ্ধ রং ফর্সাকারী ক্রিম। এ ছাড়া দুটি কার্টনে পাওয়া যায় ১ হাজার ৩৪০ পিস ভ্যাপ লিকুইড। সব মিলিয়ে জব্দ পণ্যের সংখ্যা ২১ হাজার ৩১টি।
সহকারী কমিশনার শরীফ মোহাম্মদ আল আমিন বলেন, সমুদ্রবন্দরে মিথ্যা ঘোষণা, পণ্য পাচার ও রাজস্ব ফাঁকি রোধে নজরদারি জোরদার করা হয়েছে। এ পরিস্থিতিতে একটি চক্র ডাকঘরকে ব্যবহার করে নিষিদ্ধ পণ্য আমদানির চেষ্টা করছে বলে ধারণা করা হচ্ছে।
তিনি আরও জানান, এর আগেও ডাকঘরে আমদানি নিষিদ্ধ পণ্যের চালান আটক করা হয়েছিল। এ ধরনের অনিয়ম প্রতিরোধে নজরদারি অব্যাহত থাকবে।


